প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনাসামনি বিতর্কের চ্যালেঞ্জ দিয়েছিলেন আগেই। এবার সুর আরও চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, তাঁর স্মার্টফোনেই সব তথ্য রয়েছে। সামনাসামনি বিতর্কে বসলে আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না নরেন্দ্র মোদি। বিরোধী দলনেতার সাফ কথা, মোদি দেশদ্রোহী। তিনি যে বিদেশি শক্তির সঙ্গে আপস করে ফেলেছেন সে প্রমাণও তাঁর ফোনে রয়েছে। সেই ফোনটিও নাকি খোদ প্রধানমন্ত্রী ট্যাপ করেছেন।
রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর স্মার্টফোনটিকে ভয় পান। আর সেই কারণেই তাঁর নম্বরটিকে ‘ট্যাপ’ করা হয়। বিরোধী দলনেতা বলছেন, তাঁর ফোনে এমন সব প্রমাণ রয়েছে, যা প্রকাশ্যে এলে মোদি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেকারণেই তিনি চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন।
এই নিয়ে তৃতীয়বার মোদিকে সরাসরি বিতর্কে আহ্বান করলেন রাহুল। প্রথম যখন বিরোধী দলনেতা একের বিরুদ্ধে এক বিতর্কের চ্যালেঞ্জ জানালেন, সেসময় পালটা চ্যালেঞ্জ ছুড়েছিল বিজেপিও। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিতর্ক যদি করতেই হয়, তাহলে সংসদে আসুন। দরকারে সংসদের বিশেষ অধিবেশন ডাকব। শাহের সেই চ্যালেঞ্জেরও জবাব দিয়েছেন রাহুল। তিনি বলছেন, “সংসদে আমাকে কৃষি আইন নিয়ে বলতে দেওয়া হয়নি, ভোট চুরি নিয়ে বলতে দেওয়া হয়নি, এসআইআর নিয়ে বলতে দেওয়া হয়নি, চিন নিয়ে বলতে দেওয়া হয়নি, নারাভানের বই নিয়ে বলতে দেওয়া হয়নি, এপস্টেইন নিয়েও বলতে দেওয়া হয়নি।”
রাহুল বলছেন, “বিতর্কের নামে বড়বড় ভাষণবাজি চলবে না। আমি সামনাসামনি বিতর্ক চাই। আমি চাই নরেন্দ্র মোদি আমার দিকে অভিযোগের আঙুল তুলুন, আমি তাঁর দিকে অভিযোগের আঙুল তুলব। প্রধানমন্ত্রী আসুন, একটা টেবিল থাকবে, একদিকে আমি থাকব, অন্যদিকে আপনি।” বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, এই ধরনের বিতর্ক হলে মোদিকে ‘দেশদ্রোহী, বেইমান’ প্রমাণ করতে পাঁচ মিনিটও লাগবে না। বিতর্ক যে কোনও জায়গায় হতে পারে। বিচারক হতে পারেন আদানি গ্রুপের চেয়ারম্যান বা আরএসএস প্রধান।
কিন্তু কেন বারবার এই চ্যালেঞ্জ ছুড়ছেন রাহুল? বিরোধী দলনেতা ভালোমতোই জানেন, প্রধানমন্ত্রীর মতো পদমর্যাদায় বসে কারও পক্ষে তাঁর বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব নয়। তিনি এখন চেষ্টা করে চলেছেন মোদির ভাবমূর্তিকে আঘাত করতে। মোদি টেলিপ্রম্পটার ছাড়া কথা বলতে পারেন না, সেটা প্রমাণ করতে। সেই সঙ্গে নিজেকে বেপরোয়া, ভয়ডরহীন বিরোধী হিসাবে তুলে ধরাটাও তাঁর সামনে চ্যালেঞ্জ।
Source: Sangbad Pratidin India (Bengali)
