মোমোর হোডিং দেওয়া দোকান। তার ভেতরেই তৈরি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড। সেই সব কার্ড বানাতে নেওয়া হচ্ছে আবার অতিরিক্ত টাকা। সরকারি নিয়ম লঙ্ঘন করে এসব কাজ হত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ওই দোকানে শাটার নামালো বিজেপি। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুর থানার প্রান্তিকা পাঁচ মাথা মোড়ে।
বিজেপির দলীয় কার্যালয়ের পাশে এই একটি দোকান রয়েছে। সেইখানেই দীর্ঘদিন ধরে ভোটার, আধার প্যান কার্ড-সহ নানারকম কার্ড তৈরি হয়। অভিযোগ, সরকারি নিয়ম লঙ্ঘন করেও অনেক ক্ষেত্রে কার্ড বানিয়ে দিচ্ছে দোকানদার। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও অভিযোগ, বর্তমানে যেখানে বিজেপির কার্যালয় রয়েছে সেখানেই তৃণমূল আমলে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। তৃণমূল নেতাদের মদতে এইসব কাজ হত। বিজেপির অভিযোগ, যাঁরা এই দেশের নাগরিক নন তাঁদেরও কার্ড বানিয়ে দেওয়া হত।
১ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক অতুল বাগদি অভিযোগ করেন, “তৃণমূল আমল থেকে এ ধরনের কাজ করছে এরা। তৃণমূল নেতাদের মোটা টাকা নিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়ার ও কাজ করত এরা। বর্তমানে আর এসব চলবে না। বৈধ নথি থাকতে হবে আর অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আমরা পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।” দোকানের মালিক মুকেশ কুমার সাউ বলেন,”এক বছর ধরে দোকান করেছি। আগে মোমোর দোকান ছিল। বর্তমানে আমি অনলাইন দোকান করেছি। তবে অনলাইন দোকান করতে কোন অনুমতি লাগে কি না আমার জানা নেই। আমি অতিরিক্ত টাকা নেই না। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
