Hashtagintro

‘সার্কাসের জন্তুর মতো আচরণ…’, শিল্ড ফাইনাল হারের পরদিন বিস্ফোরক হাবাস, নিশানা কাদের?

আইএফএ শিল্ডে সম্মানের যুদ্ধে হার। সেখানে ফাইনালে ডার্বি হেরে সাংবাদিক সম্মেলন করেননি। এবার সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। শিল্ড আয়োজন, ব্যবস্থাপনা থেকে আইএফএ-র পেশাদারিত্ব সব নিয়ে প্রশ্ন তুললেন স্প্যানিশ কোচ। এমনকী বলেই দিলেন, তিনি ও তাঁর দলের সঙ্গে সার্কাসের জন্তুর মতো ব্যবহার হতে দিতে পারেন না।

মোহনবাগান নিজেদের সেরা দল খেলিয়ে জিতে নিয়েছে কলকাতা লিগ। সেখানে ইস্টবেঙ্গল নামিয়েছিল তরুণ ব্রিগেড, ফিরতে হয়েছে খালি হাতে। বৃহস্পতিবার শিল্ড ফাইনাল হেরে সাংবাদিক সম্মেলনে আসেননি কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ফলে দলের এহেন পারফরম্যান্স লাল-হলুদ হেডস্যর কীভাবে ব্যাখ্যা করবেন, তা সরকারিভাবে জানার উপায় ছিল না। সেই নিয়ে সোশাল মিডিয়ায় একটি ফুটবল সংক্রান্ত পেজ এই নিয়ে পোস্ট করে।

যার জবাবে লাল-হলুদের কোচ লেখেন, ‘আমি একজন পেশাদার। বিশ্বের অন্য কোচেদের মতো কখনও হারি, কখনও জিতি। কিন্তু আমার নীতিতে কখনও সার্কাসের পশুর মতো আচরণ সহ্য করব না। এই প্রতিযোগিতায় নিজেদের সেরকম মনে হয়েছে। সূচি বানানো, মাঠের পরিস্থিতি, রেফারিং থেকে প্রতিপক্ষ নির্বাচন, সব জায়গায় একই অবস্থা। এটাকে কোনও ভাবেই পেশাদার প্রতিযোগিতা বলা যায় না। পেশাদারদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে। আমি এই ব্যাপারে কোনও ভাবে আপস করতে রাজি নই।’

তবে ইস্টবেঙ্গল ড্রেসিংরুমের অন্দরের খবর, এএফসি-র কথা মাথায় রেখেই শিল্ড ফাইনালে অতিরিক্ত শক্তি খরচ করতে চাননি হাবাস। ফাইনাল এবং ডার্বি দু’টো বিষয় এক হওয়ায় ম্যাচটা হাইভোল্টেজ হলেও সেভাবে চাপ নেননি স্প্যানিশ হেডস্যর। যদিও গোটা ম্যাচে যথেষ্টই তৎপর ছিলেন হাবাস। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বিরতিতে মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কও করেন। তারপর সোশাল মিডিয়ায় বিস্ফোরণ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language