পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদুরের পর দু’দেশের কূটনীতির দরজা বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে কি তা খুলতে চলেছে? কারণ, চলতি মাসেই ভারতে আসছেন পাকিস্তানের এক মন্ত্রী। আগামী ২০ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিন দিনের ‘সিভিলাইজেশন ডায়লগ’। সদস্য রাষ্ট্র হিসাবে সেই সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে ইসলামাবাদও।
শনিবার পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক এসসিও-র ওই সম্মেলনের জন্য দিল্লিতে পা রাখবেন। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। চারদিনের ওই অভিযানের পর থেকে দু’দেশের সম্পর্কে নয়া শৈত্য তৈরি হয়। তার পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতে আসবেন। এর আগে ২০২৩-এ শেষবার গোয়ায় এসসিও সম্মেলনে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবরই দিল্লি জানিয়েছিল, প্রচলিত রীতি অনুযায়ী এসসিও-র সকল সদস্য রাষ্ট্রকে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান কোনও প্রতিনিধিকে দিল্লিতে পাঠাবে কি না, তা এত দিন স্পষ্ট ছিল না। শনিবার পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘এসসিও-র ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিভিন্ন আলোচনা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
জানা গিয়েছে, এবারের এসসিও বৈঠক সংস্কৃতি ও বিদেশমন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন এই সম্মেলনে। আলোচনার মূল বিষয় হল, সভ্যতাগত সম্পর্ক, সাংস্কৃতিক কূটনীতি, ঐতিহ্য, প্রথাগত জ্ঞান, শিক্ষা ব্যবস্থায় যৌথ কাজ। ভারতের ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে দিল্লির ‘পুরানা কেল্লা’য়। পাকিস্তান ছাড়াও আমন্ত্রণ পাঠানো হয়েছে সদস্য রাষ্ট্র রাশিয়া, চিন, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, বেলারুশ-সহ বাকি দেশের প্রতিনিধিদের। এছাড়া পর্যবেক্ষক দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
