Hashtagintro

‘সিদ্ধান্ত উপরমহলের…’, ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্কে দায় এড়াল এমসিসি

রবিবার দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’। সেখানে ফের দেখা গেল সেই হ্যান্ডশেক বিতর্ক। ম্যাচের আগে বা পরে হাত মেলাননি দুই দলের ক্রিকেটারেরা। গত বছর দুবাইয়ে এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটে যে রীতি চালু হয়েছে, রবিবারও তার ব্যতিক্রম হল না। এই পরিস্থিতিতে করমর্দন নিয়ে অবস্থান স্পষ্ট করল ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তারা জানিয়েছে, বিষয়টি তাদের হাতের বাইরে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উপরমহল থেকে।

ভারত-পাক ক্রিকেটে হাত না মেলানোর পরম্পরার ‘বয়স’ এক বছরেরও বেশি। শুরু হয়েছিল গত বছর ১৪ সেপ্টেম্বর, এই দুবাই স্টেডিয়ামেই এশিয়া কাপের ম্যাচে। পহেলগাঁও হামলার পরের সেই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ জিতে ভারতীয় দল সেই জয় উৎসর্গ করেছিল ভারতীয় সেনাবাহিনীকে। এর পরেও এশিয়া কাপে দু’দল আরও দু’বার মুখোমুখি হয়েছিল। দু’বারই ম্যাচের আগে-পরে দেখা যায়নি হাত মেলানোর দৃশ্য। এমনকী এশিয়া কাপের ট্রফি নেওয়ার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির কাছেও এগিয়ে যায়নি ভারতীয় দল।

পরের মাসে কলম্বোয় মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা গিয়েছিল। পাকিস্তান ‘এ’ দলের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেকের পথে হাঁটেননি ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা। চলতি বছর সেপ্টেম্বরে মহিলা এশিয়া কাপের ম্যাচে টসের আগে ও পরে একে অপরের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। এবার রাইজিং স্টারস এশিয়া কাপেও একই রাস্তায় হেঁটেছেন দুই দলের ক্রিকেটাররা। এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি এমসিসির ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট। তাঁর মতে, ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে বিষয়টি বৃহত্তর রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িয়ে গিয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে চলতি আইএলটি-টোয়েন্টি দেখতে গিয়ে স্টুয়ার্ট বলেন, “হাত মেলানো নিয়ে যদি উপরমহল থেকে কোনও নির্দেশ আসে, তা হলে এমসিসির পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা অবশ্যই চাই ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলান। কিন্তু বুঝতে পারছি, এর সঙ্গে আরও বড় কিছু বিষয় জড়িয়ে রয়েছে। সেগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।” ভারত-পাকিস্তান ম্যাচে সৌজন্য বিনিময় বন্ধ থাকার নীতি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি স্টুয়ার্ট। তাঁর কথায়, “কিছু কিছু বিষয় ক্রিকেটের সীমা ছাড়িয়ে যায়। ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করার জায়গায় আমি নেই। মাঠের মধ্যে ক্রিকেটারেরা একে অপরকে সম্মান করছেন কি না, আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে চলছেন কি না, খেলাটাকে মর্যাদা দিচ্ছেন কি না, সেটাই আমরা দেখতে পারি।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language