Hashtagintro

সীমান্ত পেরনোর চেষ্টা, নদিয়ায় বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি পাচারকারী! উদ্ধার বিপুল সোনা

বিপুল পরিমাণ সোনা নিয়ে সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা করেছিল বাংলাদেশি পাচারকারীরা। রাতের অন্ধকারে সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের সেই ঘটনা নজরে আসে। পাচারকারীদের রুখতে গুলি চালিয়েছিল জওয়ানরা। সেই গুলিতেই জখম হয়েছে এক পাচারকারী। সোনাও উদ্ধার হয়েছে। কালীপুজোর আগে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে। আহত ওই যুবকের নাম মণিরুল ইসলাম।

রাজ্যে পালাবদলের পর ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। নদিয়ার সীমান্ত এলাকায় পাচার রুখতে কড়া নজরদারি চলছে। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী টুঙ্গি সীমান্তে পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মণিরুল ইসলাম-সহ সাতজন বাংলাদেশি ডিঙিনৌকায় করে সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় পৌঁছেছিল।

সেই ঘটনা নজরে এসেছিল বিএসএফ জওয়ানদের। অনুপ্রবেশকারীদের বাধা দেওয়া হয়। কিন্তু অনুপ্রবেশকারীরা সেই কথা উপেক্ষা করে এদেশে ঢোকার চেষ্টা করেছিল। শেষপর্যন্ত বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশ রুখতে গুলি ও রবার বুলেট ছোড়ে। মণিরুল ইসলাম নামে ওই ২৬ বছর বয়সী অনুপ্রবেশকারীর ডান পায়ে গুলি লাগে। পিঠেও রাবার বুলেট লেগেছে। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

জখমকে উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। উদ্ধার হয়েছে ৩ কেজি সোনা। অনুপ্রবেশকারীকে উদ্ধার করে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কালীপুজোর আগে এই ঘটনা বড় সাফল্য বলেই মনে করছে বিএসএফ। ওই যুবককে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে খবর। শীতের মরশুমে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়বে। এমনই বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

 

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language