সীমান্ত পেরিয়ে হিন্দু সেজে ভারতে দিনের পর দিন বসবাস। পাঁচ বাংলাদেশির কীর্তি ফাঁস হতেই চলল বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে সন্দেহভাজন ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে তাঁরা দিনের পর দিন পরিচয় গোপন করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। দফায় দফায় ধৃত পাঁচজনকে জেরা করছে পুলিশ। এমনকী ভারতে তাঁদের কাজকর্মের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে। জানা গিয়েছে, হিলি থানার অন্তর্গত ত্রিমোহীনি পাওয়ার হাউস এলাকায় রয়েছে শিবাজি সংঘ নামে একটি ক্লাব রয়েছে। ওই ক্লাবের কালী প্রতিমা বিসর্জনকে ঘিরে ধাক্কাধাক্কি হয় সুমন সরকার ও আকাশ দাস নামে স্থানীয় ওই যুবকের। অভিযোগ, রাতে সুমনের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হুমকি দিয়ে আসে আকাশ দাস। এনিয়ে দুই পরিবারের বিবাদ শুরু হতেই হিলি থানার পুলিশ যায় সেখানে। জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ আধিকারিকরা জানতে পারেন অভিযুক্ত আকাশ ও তাঁর পরিবার বাংলাদেশি। সামনে চলে আসে সমস্ত কেলেঙ্কারি।
জানা যায়, অভিযুক্ত আকাশ এবং তাঁর পরিবারের কাছে বৈধ নথি পুলিশ তলব করলেও তাঁরা তা দেখাতে পারেননি। এরপরেই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন, বছর সাতেক আগে বাংলাদেশের মহাস্থানগড় থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন আকাশ এবং তাঁর পরিবারের সদস্যরা। একেবারে হিন্দু সেজে সমস্ত পরিচয় গোপন করে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় বসতি গড়েন তাঁরা। এমনকী ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে ফেলেন বলেও অভিযোগ। তবে এর পিছনে কে বা কারা রয়েছেন তা এখন তদন্তের আওতায় রয়েছে বলেও জানা গিয়েছে।
