পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। মুর্শিদাবাদের রেজিনগরে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলেও এবার পদ্মফুল ফুটেছে। এবার উপনির্বাচনে বিজেপির জয়ে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘সুশাসনের জয়’ বলেই বার্তা দিয়েছেন তিনি। মানুষ তাঁদের উপর ভরসা রেখেছেন, সেজন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বাংলার দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনই নয়, অসমের নাগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপি জয় পেয়েছে। উপনির্বাচনের এই ফলাফলে বিজেপিকে বাড়তি শক্তি জোগাবে। এমনই মনে করেন প্রধানমন্ত্রী।
আজ, শুক্রবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “নাগাঁও (অসম) লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম ও রেজিনগর (পশ্চিমবঙ্গ) বিধানসভা কেন্দ্রের ফলাফল আবারও প্রমাণ করে যে, বিজেপি-এনডিএ-র সুশাসনের কর্মসূচির সাথে জনগণের এক গভীর সংযোগ রয়েছে।” এদিন জয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মোদি। দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসাও করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “জনগণের কল্যাণ সাধন এবং একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য তাদের আকাঙ্ক্ষা পূরণে আমরা যখন নিরলসভাবে কাজ করে চলেছি। তখন এই জনতার রায় আমাদের বাড়তি শক্তি জোগাবে।” পুদুচেরির থাট্টানচাভাদিতেও উপনির্বাচনে জয় পেয়েছেন এনডিএ শরিক দল এআইএনআরসি। সেই প্রার্থীকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
