Hashtagintro

সোজাসাপটা! শিল্পমহলকে মোদি যা বলেছেন তা দেশের মানুষের ‘মন কি বাত’

ব্যবসায়ী ও শিল্পমহলকে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন, তাদের দাবি সরকার মানবে, বিনিময়ে বুঝে নেবে, অর্থনীতিতে কী অবদান রাখছে!

বণিকসভা ‘ফিকি’-র সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে-কথাগুলি বলেছেন, তা নজিরবিহীন। সাম্প্রতিকে আর কোনও প্রধানমন্ত্রীকে দেশের শিল্পমহলকে এভাবে সোজাসাপটা কথা বলতে দেখা যায়নি। যে-কথাগুলি শিল্পমহলকে তিনি বলেছেন তা দেশের মানুষের মনের কথা। বণিকসভার সম্মেলনগুলিতে বরাবর শিল্পোদ্যোগীরা সরকারের কাছে তাঁদের দাবিদাওয়ার বিষয়টি তোলেন। মোদি এবার শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দিয়েছেন, সরকার সব দাবিদাওয়াই মানবে, কিন্তু বিনিময়ে এও বুঝে নিতে চাইবে যে, শিল্প ও বাণিজ্য মহল অর্থনীতিতে কী অবদান রাখছে।

নয়ের দশকের গোড়ায় আর্থিক সংস্কারের পরে দেশের অর্থনীতি নির্মাণে বেসরকারি শিল্প ও বাণিজ্য সংস্থার ভূমিকা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান তৈরি করা থেকে শুরু করে শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি- সবক্ষেত্রেই বেসরকারি সংস্থার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। এই জায়গায় দাঁড়িয়ে বেসরকারি সংস্থার দায়দায়িত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন, সরকার ‘কর্পোরেট কর’-এর ক্ষেত্রে রাতারাতি ছাড় ঘোষণা করেছে। ২০১৯ সালে যখন কর্পোরেট করের হার কমানোর কথা ঘোষণা করা হয়েছিল, তখন প্রত্যাশা এটাই ছিল যে, অল্প দিনের মধ্যে দেশে প্রভূত পরিমাণে কর্পোরেট বিনিয়োগ আসবে।

মোদি শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দিয়েছেন, সরকার সব দাবিদাওয়াই মানবে, কিন্তু বিনিময়ে এও বুঝে নিতে চাইবে যে, শিল্প ও বাণিজ্য মহল অর্থনীতিতে কী অবদান রাখছে।

কর্পোরেট বিনিয়োগ আসা মানে নতুন নতুন কলকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হওয়া। এগুলো যদি কাঙিক্ষত হারে হত, তাহলে এই ক’-বছরে বিপুল কর্মসংস্থান দেখা যেত। কর্মসংস্থান ঘটা মানেই সাধারণ মানুষের আয়বৃদ্ধি। কিন্তু গত ৭-৮ বছরে দেশে সেভাবে কর্মসংস্থানও তৈরি হয়নি, মানুষের আয় বৃদ্ধিও উল্লেখযোগ্য হারে ঘটেনি। বরঞ্চ বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে, দেশে ‘ছদ্ম বেকারত্ব’ বৃদ্ধি পাচ্ছে।

‘ছদ্ম বেকারত্ব’ বৃদ্ধির মূল কারণ- শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মজুরিভিত্তিক কর্মসংস্থানের হার কমে যাওয়া। ২০১৭-এ দেশে মজুরিভিত্তিক কর্মসংস্থান মোট কর্মসংস্থানের ৪৭.৮ শতাংশ ছিল। ২০২৫-এ ৪৩.৮ শতাংশে নেমে গিয়েছে। এই সময়ে দেশে ‘স্বনিযুক্ত’ মানুষের পরিমাণ বেড়েছে। স্বনিযুক্তির সংখ্যা বৃদ্ধি কার্যত ‘ছদ্ম বেকারত্ব’ বাড়ায়। কারণ, স্বনিযুক্তির আড়ালে এমন শ্রম থাকে, যার বিনিময়-মূল্য থাকে না। পারিবারিক ব্যবসায় অনেকে যুক্ত থাকেন। তাঁদের কার্যত ‘বেকার’- ধরে নেওয়া হয়। কর্পোরেট ট্যাক্সে শিল্প ও বাণিজ্য মহলকে সরকার ছাড় দিলেও তার বিপরীতে লগ্নি বাড়েনি। সাম্প্রতিক সময়ে দেশের করা একাধিক বাণিজ্যমহল যার সুযোগ নেয়নি। প্রধানমন্ত্রী তাই খুব স্পষ্ট করে শিল্প ও বাণিজ্য মহলকে বুঝিয়েছেন, লগ্নি ও কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব না নিলে তাদের ভবিষ্যতে সরকারের থেকে সুযোগ-সুবিধাও মিলবে না।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language