রাজ্যের উচ্চপ্রাথমিক শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে নতুন করে তথ্য সংগ্রহে নামছে স্কুলশিক্ষা দপ্তর। কোথাও স্কুলে পড়ুয়ার সংখ্যা হাতে গোনা, আবার কোথাও কয়েক কিলোমিটারের মধ্যে উচ্চপ্রাথমিক স্কুলই নেই। ফলে সেসব জায়গায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ন্যূনতম পড়াশোনা চালাতে গিয়ে ব্যাপক সমস্যায় শিশুরা। সূত্রের খবর, এই বিপরীত চিত্র কোথায় কেমন, তা খতিয়ে দেখতে সব জেলার স্কুল পরিদর্শকদের মৌখিক নির্দেশ দিল স্কুলশিক্ষা দপ্তর।
শিক্ষাদপ্তর থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ৫০ জনের কম পড়ুয়া রয়েছে এমন উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে পার্শ্ববর্তী বড় স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সামনে এসেছে স্কুলের অভাবের ছবিও। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের স্কুল শিশুদের নাগালে অর্থাৎ এক কিলোমিটারের দূরত্বে থাকা প্রয়োজন।
শিক্ষাদপ্তর থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ৫০ জনের কম পড়ুয়া রয়েছে এমন উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে পার্শ্ববর্তী বড় স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সামনে এসেছে স্কুলের অভাবের ছবিও। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের স্কুল শিশুদের নাগালে অর্থাৎ এক কিলোমিটারের দূরত্বে থাকা প্রয়োজন। কিন্তু সরকারি তথ্য অনুযায়ী, কোথাও কোথাও এর অন্যথা হয়েছে। প্রাথমিকভাবে এসব তথ্য সংগ্রহের পর প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করবে সরকার। কোথাও নতুন স্কুল তৈরি, কোথাও উচ্চপ্রাথমিক স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করার ভাবনাও রয়েছে।
অন্যদিকে, উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের সঙ্গে সংযুক্তিকরণের পরিকল্পনায় শিক্ষক সংগঠনগুলির একাংশের আপত্তি রয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের বক্তব্য, নতুন স্কুল বা সংযুক্তিকরণের আগে যেসব স্কুলগুলির রুগ্ন অবস্থা, সেসবের পরিকাঠামো উন্নয়ন এবং পড়ুয়াবৃদ্ধিতে জোর দেওয়া উচিত। তাহলে উচ্চপ্রাথমিকে শিক্ষার মান বজায় থাকবে বলে মত তাঁদের। সেক্ষেত্রে সংযুক্তিকরণের কাজেও সুবিধা হবে।