শুরুটা আশাব্যঞ্জক হলেও মাঝপথে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৮৪ রানেই শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস। জবাবে পালামের এ স্টেডিয়ামে সার্ভিসেসের বিরুদ্ধেও দাপট দেখাচ্ছেন বাংলার স্পিনারেরা। প্রথম দিনের শেষ সেশনে ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে সার্ভিসেস। প্রথম ইনিংসে এখনও ১১০ রানে পিছিয়ে তারা। এই ম্যাচে আচমকাই নাম তুলে নিয়েছেন মহম্মদ শামি।
রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরুতে অঙ্কুর পাল মাত্র ৪ রান করে ফিরে গেলেও অভিমন্যু ও সুদীপ ঘরামি দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন। একটা সময়ে বাংলার রান ছিল ১ উইকেটে ৭৬। দুই ওপেনারই সাবলীল ব্যাটিং করছিলেন। কিন্তু সেই ভিতকে বড় রানে পরিণত করতে পারল না বাংলা। সুদীপ ৩৮ রানে ফিরতেই সেই ভিত টলমল হয়ে পড়ল। রান পেলেন না সুদীপ চট্টোপাধ্যায় (৩), গত ম্যাচে সেঞ্চুরি করা অভিষেক পোড়েল (৭), শাহবাজ আহমেদরা (০)।
মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলার স্কোর ছিল ৩৫ ওভারে ৫ উইকেটে ১২২ রান। হাফসেঞ্চুরি করে এক দিক আগলে রেখেছিলেন অধিনায়ক অভিমন্যু। কিন্তু মধ্যাহ্নভোজের পরেও ধস আটকানো যায়নি। সার্ভিসেসের স্পিনার পুলকিত নারাংয়ের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় বাংলা। ৫৪ ওভারে ১৮৪ রানেই শেষ হয় প্রথম ইনিংস। ৫৬ রান করে সর্বোচ্চ স্কোরার অভিমন্যু। সুমন্ত গুপ্তর অবদান ২৮ রান। ২২ রানে অপরাজিত থাকেন সুরজ সিন্ধু জয়সওয়াল। সার্ভিসেসের হয়ে নারাং নেন ৬৩ রানে ৫ উইকেট। অর্জুন শর্মা শিকার ৩টি, রাহুল সিং ২টি নেন উইকেট।
Day 1 Stumps: Bengal reduce Services to 83/5 after posting 184 in their first innings in Ranji Trophy Elite match in New Delhi. #CAB https://t.co/qneKxNjmjj
— CABCricket (@CabCricket) October 18, 2026
ব্যাটিংয়ে হতাশ করলেও বল হাতে লড়াইয়ে ফিরেছে বাংলা। প্রদীপ্ত প্রামাণিক ও আমির গনি দু’জনেই ২টি করে উইকেট তুলে নিয়ে সার্ভিসেসের ব্যাটিংয়ে ধাক্কা দেন। একটি উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে সার্ভিসেস। অধিনায়ক রজত পালিওয়াল ১৭ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে বাংলার চেয়ে এখনও ১১০ রান পিছিয়ে তারা।
এই ম্যাচে বাংলার পেস আক্রমণও কিছুটা দুর্বল। মহম্মদ শামি ব্যক্তিগত কারণে খেলছেন না। জানা গিয়েছে, নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়ে চূড়ান্ত হতাশ বঙ্গ পেসার। সেই কারণে শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন। ‘সাহসপুর এক্সপ্রেস’ যে খেলবেন না, তা ঘুণাক্ষরে টের পাওয়া যায়নি। এমনকী শনিবার তিনি অনুশীলনও করেছিলেন। যদিও রনজির দ্বিতীয় ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শামি। প্রথম দিনের শেষে দেখা গেল তাঁকে ব্যাটিং অনুশীলন করতে। তাঁর পরিবর্তে দলে এসেছেন ভাই মহম্মদ কাইফ।
Mohammed Shami looks fine. Takes throwdowns at the end of the day’s play in Palam, Delhi. 15 wickets fall on Day 1 as Services finish 83/5, trailing Bengal by 101 runs. @ITGDsports #RanjiTrophy https://t.co/SsQ6XZavgi
— Akshay Ramesh (@iamnotakshayr) October 18, 2026
ভারত ‘এ’ দলের হয়ে খেলার জন্য নেই আকাশ দীপ ও মুকেশ কুমারও। ফলে পেস বিভাগের তিন অস্ত্রকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাকে। অন্যদিকে, দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে না খেলার পর দলে ফিরেছেন শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ধাক্কা সামলে বাংলার স্পিনারেরা যেভাবে ম্যাচে ফেরার চেষ্টা করছেন, তাতে দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সার্ভিসেসের বাকি উইকেট দ্রুত তুলে নিয়ে যতটা সম্ভব লিড নেওয়াই এখন অভিমন্যুদের লক্ষ্য।