খোঁজ মিলছে না বিগত আমলের স্বাস্থ্যসাথীর প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার! নয়া সরকার স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে। সেই প্রক্রিয়া চালাতে গিয়ে এমন ভুয়ো উপভোক্তাদের সন্ধান মিলছে বলে খবর। নবান্ন সূত্রে খবর, এই ভুয়ো উপভোক্তাদের পরিষেবা দিতে রাজ্যের কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে। যার আনুমামনিক পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছেন শীর্ষকর্তারা।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করার নির্দেশও সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হয়েছে বলে খবর। স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিমা যোজনার অধীনে অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। সেইমতো উপভোক্তাদের তথ্য যাচাই করে পর্যায়ক্রমে তাঁদের নাম আয়ুষ্মান ভারতে যুক্ত করার ক্ষেত্রে খোঁজ নিতে গিয়েই বিগত সরকারের আমলের ভুয়ো উপভোক্তারা সামনে আসছে বলে জানাচ্ছে নবান্ন।
নবান্নের এক শীর্ষকর্তা জানিয়েছেন, বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করার সময় দেখা যাচ্ছে বহু উপভোক্তার নামে স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেও তাঁদের কোনও অস্তিত্বই নেই। এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভুয়ো উপভোক্তার সন্ধান সামনে এসেছে। শুধু স্বাস্থ্যসাথীই নয়, অন্যান্য বহু ক্ষেত্রেও বিগত সরকারের আমলে এমন ভুয়ো উপভোক্তা রয়েছে বলেই মনে করছেন শীর্ষ আধিকারিকরা
