Hashtagintro

হাজার গোলে রইল বাকি ২০! জাতীয় দলের সঙ্গে দূরত্ব বাড়লেও রোনাল্ডো বোঝালেন কেন ‘অপ্রতিরোধ্য’

জাতীয় শিবির ছাড়ার পর পর্তুগালের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দূরত্ব ক্রমে বেড়ে যাচ্ছে। সিআর সেভেনকে নিয়ে আলোচনা অব্যাহত। এই আবহে পর্তুগিজ মহাতারকাকে রাজকীয় অভ্যর্থনা জানাল আল নাসের। ক্লাবের জার্সিতে কেরিয়ারের ৩৮০ গোল করে ফের বুঝিয়ে দিলেন ৪১ বছর বয়সেও অপ্রতিরোধ্য তিনি।

চল্লিশ পেরিয়েছে বয়স। যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসরযাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন। হাজার গোলের লক্ষ্যে আরও বেশি ‘ক্ষুধার্ত’ দেখা যাচ্ছে রোনাল্ডোকে। সেই মাইলফলক থেকেও আর বেশি দূরে নেই সিআর৭। সৌদি প্রো লিগে আল দিরিয়াহকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। ২৩ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় নাসের। কোমানের শট বিপক্ষ গোলকিপারের হাতে লেগে প্রতিহত হলে ফিরতি শটে গোল করেন রোনাল্ডো। হাজার গোলের লক্ষ্যপূরণে আর মাত্র ২০ গোল দূরে তিনি।

ক’দিন আগেই নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে রোনাল্ডোকে বেঞ্চে রাখেন কোচ জর্জে জেসাস। ‘অপমানিত’ রোনাল্ডো ডেনমার্ক ম্যাচের আগে জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যান। এক্স-এ লেখেন, ‘সব সময় সেরাটা দিয়েছি। কেন দল ছাড়লাম, খুব তাড়াতাড়ি দেশের মানুষকে জানাব।’ পরের ম্যাচে তাঁকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারায় পর্তুগাল। ফলে প্রশ্ন উঠেছে, জাতীয় দলের জার্সিতে কি রোনাল্ডো শেষ ম্যাচ খেলে ফেলেছেন?

এমন প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, ঠিক তখনই এমন পারফরম্যান্স পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা মহাতারকার। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রোনাল্ডোর ক্লাব। ৮ ম্যাচ খেলে আল নাসেরের পয়েন্ট ১৯। প্রথম স্থানে থাকা আল কাদসিয়াহর পয়েন্ট একই, তবে গোলপার্থক্যে এগিয়ে তারা। উল্লেখ্য, চলতি লিগে ৮ ম্যাচে ৪ গোল করলেন রোনাল্ডো। এই ম্যাচে বাকি দু’টি গোল কোমান এবং জোয়াও ফেলিক্সের।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language