১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনেই বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকা যাওয়ার জন্য তারেক রহমানের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন মুজিবকন্যা। এই তথ্য সামনে আসতেই এবার মুখ খুলল ঢাকা। তারেক রহমানের সরকারের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি অবস্থায় ফিরতে হবে।
মঙ্গলবার হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘বাংলাদেশে ১৬ ডিসেম্বর দিনটির গুরুত্বই আলাদা। সেই গুরুত্বের কথা মাথায় রেখে ওইদিনই দেশের মাটিতে পা রাখবেন মুজিবকন্যা।’ তাঁর এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, “১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার ইচ্ছা, আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি অবস্থায় ফিরে আসতে হবে।” প্রসঙ্গত, হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রকাশ্যে আসার পর গত কয়েক সপ্তাহ ধরে জ্বলছে বাংলাদেশ। জায়জ্ঞায় জায়গায় বিক্ষোভ, অবরোধ করছেন আওয়ামি লিগ কর্মী-সমর্থকরা। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে বৈঠকে বসে বাংলাদেশের বিদেশমন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ভারত-সহ ৬০টি দেশের কূটনীতিকরা। অগ্নিগর্ভ বাংলাদেশে এই কূটনৈতিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক প্রসঙ্গে হুমায়ুন বলেন, দেশের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে আওয়ামি লিগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার ইচ্ছা, আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি অবস্থায় ফিরে আসতে হবে।”
উল্লেখ্য, হাসিনা যে বাংলাদেশে ফিরবেন তা কয়েক মাস আগেই নিজের মুখে জানিয়েছিলেন। যদিও দিনক্ষণ স্পষ্ট ছিল না।। এই অবস্থায় তারেক সরকারের বার্তা ছিল, হাসিনাকে ফেরানো হলে তাঁকে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হিসেবে ফেরানো হবে। কোনও ভাবেই অতিথি হিসেবে নয়। এই পরিস্থিতির মাঝেই হাসিনার মুখপাত্র মোজাম্মেল আলি জানান, ‘‘গত ২০২৪ সালের ৫ আগস্ট, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বিমানে ঢাকা থেকে দিল্লি পৌঁছেছিলেন শেখ হাসিনা। এখন তিনি দিল্লি থেকে ঢাকা ফেরার জন্য দেশের সরকারকে ব্যবস্থা করতে বলছেন। নির্বাসনে পাঠানোর পর সংবিধান ও পরিস্থিতি অনুযায়ী, নতুন সরকারেরই দায়িত্ব তাঁকে দেশে ফেরানো। ১৬ ডিসেম্বর, দেশের বিজয় দিবসে তিনি ফিরতে চান।” জানা যাচ্ছে, দিল্লি থেকে ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন হাসিনা।
তবে হাসিনা নিজের ফেরার দায়িত্ব যেভাবে সরকারের উপর চাপাতে চাইছেন, তাতে তাঁরই বিপদ বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের। কারণ, সেক্ষেত্রে হাসিনা ঢাকায় নামামাত্র গ্রেপ্তার হতে পারেন। ফাঁসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে।