Hashtagintro

হাতছাড়া হার্দিক, এবার সৌরভের দলে নজর কেকেআরের! কোন ফিনিশারকে নিতে মরিয়া নাইটরা?

হার্দিক পাণ্ডিয়া পাঞ্জাব চলে যাওয়ায় নাইট ভক্তদের যে স্বপ্নভঙ্গ হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে হাল ছাড়তে নারাজ কলকাতা নাইট রাইডার্স। এবার ফিনিশারের খোঁজে দিল্লি ক্যাপিটালসের এক ভারতীয় ক্রিকেটারের দিকে নজর দিয়েছে শাহরুখ খানের দল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের এক তারকাকে নিতে আগ্রহী কেকেআর (KKR)। তাঁকে পেতে এক বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিতেও রাজি কলকাতা। 

চোট সমস্যা, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিদায়ী অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেল। মুম্বই ছেড়ে হার্দিক যাচ্ছেন পাঞ্জাব কিংসে। বদলে মুম্বই পাচ্ছে পাঞ্জাবের তারকা পেসার অর্শদীপ সিংকে। হার্দিক এবং অর্শদীপের দলবদলের চুক্তি দুই দল চূড়ান্ত করে ফেলেছে। শুধু বিসিসিআই সরকারি স্বীকৃতি দিলেই ওই চুক্তিতে সিলমোহর পড়ে যাবে। হার্দিককে পাওয়ার জন্য কলকাতাও চেষ্টা করেছিল। কথাবার্তাও এগিয়েছিল বেশ কিছুটা। কিন্তু হার্দিকের বদলে মুম্বই যে ক্রিকেটারদের চেয়েছিল, তাঁদের ছাড়তে রাজি হয়নি কেকেআর। ফলে সেই চুক্তি আর বাস্তবায়িত হয়নি।

এক আন্তর্জাতিক ক্রিকেট প্রতিবেদন অনুযায়ী, এবার দিল্লির আশুতোষ শর্মাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কলকাতা। আইপিএলে ফিনিশার হিসাবে দক্ষতা প্রমাণ করেছেন এই ভারতীয় ক্রিকেটার। পঞ্জাব কিংসের হয়ে একাধিক ম্যাচে দলকে জিতিয়েছেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই বড় নিলামে তাঁকে কিনেছিল দিল্লি। গত মরশুমেও ৩ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে আশুতোষকে ধরে রেখেছিল তারা। এবারের নিলামের আগে কলকাতায় দিল্লির শিবিরে অনুশীলনও করেছেন তিনি। এবার সেই ক্রিকেটারকেই নিজেদের দলে চাইছে কেকেআর। আশুতোষকে পেলে ফিনিশার নিয়ে তাদের সমস্যা অনেকটাই মিটতে পারে।

KKR are interested in DC's Ashutosh Sharma
দু’বছর আগে মেগা নিলামে ৩.৮০ কোটি টাকায় আশুতোষ শর্মাকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ছবি বিসিসিআই।

তবে আশুতোষকে পেতে হলে ছাড়তে হতে পারে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে। গত নিলামে ১৮ কোটি টাকা খরচ করে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে গত মরশুমে প্রায় খেলতেই পারেননি তিনি। মাত্র একটি ম্যাচে নেমে দু’ওভার বল করার পরেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তার পর আর মাঠে নামা হয়নি। ফলে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে কলকাতা।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের দলে রয়েছেন মিচেল স্টার্ক। তাঁকে ধরে রাখতে চাইলেও পুরো মরশুমে স্টার্ককে পাওয়া নিয়ে সংশয় রয়েছে দিল্লির। তাই বিকল্প পেসারের সন্ধানে সৌরভের দল। পাথিরানাকে পেলে সেই ঘাটতি পূরণ হতে পারে। ফলে দুই দলের মধ্যে ক্রিকেটার অদলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আশুতোষকে পাওয়ার দৌড়ে শুধু কলকাতা নয়, রয়েছে গুজরাট টাইটান্সও। সংবাদমাধ্যম সূত্রে খবর, আশুতোষের বদলে শাহরুখ খানকে দিল্লিকে দিতে রাজি শুভমান গিলের দল। গত মরশুমে ৪ কোটি টাকা দিয়ে শাহরুখকে দলে রেখেছিল তারা। আশুতোষ ও শাহরুখ– দু’জনেই ভারতীয়, দু’জনেই ফিনিশার। তাই তাঁদের অদলবদলের প্রস্তাব দিয়েছে গুজরাট। সুতরাং বোঝাই যাচ্ছে, আশুতোষকে নিয়ে দড়ি টানাটানি চলছে। সেই লড়াইয়ে কেকেআর জেতে কি না, সেটাই দেখার।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language