এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে। সোমবার ওই যুবককে কাশবনে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতের হাতে একটি ত্রিশূলের উল্কি ও গলায় কালো রঙের মহাকালের উত্তরীয় ছিল বলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গয়েশপুরের আয়েশা ভাটার সংলগ্ন এলাকায় মর্নিং ওয়াক করছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় কাশবনের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এর আগে এলাকায় ওই যুবককে কেউ কখনও দেখেননি। তাই তিনি অন্য কোনও এলাকার বাসিন্দা হতে পারেন। মৃতের পরিচয় জানতে ও সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটি খুনের ঘটনা নাকি অন্য কোনও বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার এক বাসিন্দা জানান, কাশবনের ভিতরে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানান তিনি।
স্থানীয় এক বাসিন্দা জানান, “মৃতকে চেনা সম্ভব হচ্ছে না। এলাকার কেউ নয় বলে মনে হচ্ছে। তাঁর হাতে একটি ত্রিশূলের উলকি ও গলায় কালো রঙের মহাকালের উত্তরীয় ছিল। ভোরে এলাকার কয়েকজন মর্নিং ওয়াক করতে এলে প্রথম দেহটি দেখতে পান। মনে হচ্ছে কাশবনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”