‘শেখ হাসিনা দেশে ফিরবেনই’ – আওয়ামি লিগের নেতা-কর্মীদের মুখে এখন এই একটি স্লোগানই ধ্বনিত হচ্ছে। বিভিন্ন প্রান্তে তাদের বিক্ষোভের জেরে ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন স্থানীয়রা। প্রসঙ্গত, এই টুঙ্গিপাড়াই হল হাসিনার জন্মস্থান ও নির্বাচনী এলাকা।
শনিবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কারের কাজ। স্থানীয় বাসিন্দা এবং আওয়ামি কর্মীদের বক্তব্য, দেশে ফেরার পর হাসিনা এই টুঙ্গিপাড়ায় এসে বাবার কবরে মাথা ঠেকাবেন। সে কারণেই চলছে সাফাই অভিযান। শনিবারের পর রবিবার সকালেও চলছে কর্মসূচি। অভিযানে অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলিগের নেতা-কর্মীরাও। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ সময় ধরে সেটি বন্ধই ছিল। এবার সেই প্রবেশপথের তালা খুলে দিলন স্থানীয়রা। এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দুই ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে তারেক রহমানের সরকার। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
অন্যদিকে, আওয়ামি লিগের লাগাতার বিক্ষোভের খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবর রহমান হলের পকেট গেট। শনিবার রাত দশটা নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে জড়ো হন আওয়ামি এবং ছাত্রলিগের নেতা-কর্মীরা। ‘মুজিব দ্বার’ খুলে দেওয়ার দাবিকে সরব হন তাঁরা। পাশাপাশি, স্লোগানও তোলেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেই দ্বার খুলে দেন। বিক্ষোভকারীদের দাবি, এই দ্বার বন্ধ থাকায় যাতায়াতে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। বিশেষ করে টিউশন, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য তাঁদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছিল।
