প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার স্পষ্ট বক্তা হিসেবেই সকলের কাছে পরিচিত। ধর্মীয় ইস্যুতে কোনও অসংবেদনশীল মন্তব্যকে কখনই প্রশ্রয় দেন না। গত আগস্টেই পাকিস্তানের হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এক্স হ্যান্ডলে আসিফের মন্তব্যকে ‘অসংবেদশীল’ বলে কটাক্ষ করেন জাভেদ। ৪ অক্টোবর রবিবার বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকারের জন্মদিন। ৮১তে পা দিলেন জাভেদ আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হিন্দু ধর্মের সঙ্গে ইসলামের তুলনা করেন।
নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “হিন্দুরা এমন একটি সম্প্রদায় যাঁরা নিজের ধর্মে কোনও ভুলকে ভুল বলে মেনে নেন। কিন্তু, মুসলিমরা সেটা করে সমস্যাগুলো নিয়ে কথা না বলে সবসময় অন্যদের দিকে আঙুল তোলে।” জাভেদ আখতার বরাবরই নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেন। আরও একবার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের মত পোষণ করেছেন। তাঁর নিশানায় দেশের নামজাদা মুসলিম সাংবাদিক থেকে রাজনীতিবিদ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ বলেন, “আরফা খানম শেরওয়ানি, মোহাম্মদ জুবের, আসাদউদ্দিন ওয়াইসি এবং আরও অনেকেই হিন্দু সমাজের ভুলত্রুটি ,অন্যায় বা সামাজিক কুপ্রথার প্রসঙ্গ ওঠে তখন জোরাল মন্তব্য করেন। তাঁরা দৃপ্ত কণ্ঠে কথা বলেন। কিন্তু, যখনই নিজেদের সম্প্রদায়ের প্রসঙ্গ আসে তখন যেন নীরবতা তাঁদের গ্রাস করে।”

আরও বলেন, “হিন্দু সমাজের বহু মানুষ নিজেদের রীতিনীতি ও প্রথার সমালোচনা করেন। নিজেদের সমাজের ভুলত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু মুসলিম সমাজ নিজেদের সম্প্রদায়ের খুব মানুষই আছেন যাঁরা অভ্যন্তরীণ কুপ্রথা বা সমস্যাগুলি নিয়ে প্রকাশ্যে কথা বলেন। এমন মানুষের সংখ্যা সত্যিই খুব কম। এটাই কঠিন বাস্তব। নিজেদের ব্যাপারে তাঁরা সর্বদাই নীরব থাকেন।”
নিজের সম্পর্কে জাভেদের সংযোজন, “আমি একজন নাস্তিক। কিন্তু এটাও সত্যি যে আমার জন্ম মুসলিম পরিবারে। তাই আমার কর্তব্য প্রথমে আমার নিজের সম্প্রদায়ের ত্রুটিগুলোর দিকে আঙুল তোলা। ভারতে অনেক হিন্দু আছেন, যাঁরা নিজেদের সমাজের সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু কতজন মুসলিম আছেন যাঁরা বুক চিতিয়ে বলতে পারেন, আমাদের সমাজে সবকিছু ঠিকঠাক আছে—এমনটা নয়, এটাও চলতে পারে না”
