বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর সেই উৎসবের আবহে সবাই যাতে নতুন পোশাক পায়, কেউ যেন বঞ্চিত না হয়, তারই উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। বাংলায় চালু ‘নমো মল’। যেখান থেকে মাত্র ১০ টাকায় নতুন জামাকাপড় কেনার সুযোগ থাকবে। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষও যাতে পুজোর দিনগুলিতে নতুন জামা-কাপড় পরতে পারেন, সে কথা মাথায় রেখেই এই ‘নমো মল’ তৈরির ভাবনা। সেই মতো আজ, বৃহস্পতিবার পানিহাটিতে নয়া এই ‘নমো মলে’র সূচনা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপি নেতাদের কথায়, শুধু পানিহাটিতেই নয়, আগামিদিনে অন্যান্য জেলাতেও এহেন কর্মসূচি নেওয়া হবে। উৎসবের মরশুমে মাত্র ১০ টাকাতে জামা-কাপড় কেনার সুযোগ পাবেন গরিব মানুষ।
সুকান্ত মজুমদার বলেন, ”আমাদের নেতা-কর্মীরা কয়েক হাজার জামা-কাপড়ের ব্যবস্থা করেছেন এখানে। মাত্র ১০ টাকার কুপন কিনে কাপড়, শাড়ি কিংবা বিভিন্ন জিনিস কেনার সুযোগ পাবেন মানুষ। একেবারেই অভিনব উদ্যোগ।”
প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। শুরু হয়েছে সেবা সংকল্প যোজনা। সেই যোজনার অংশ হিসাবেই এদিন পানিহাটিতে বিশেষ এই নমো মল খোলার ভাবনা স্থানীয় বঙ্গ বিজেপি নেতৃত্বের। ‘পুজোর জামা কাপড় কিনুন মাত্র ১০ টাকায়’ এই মর্মেই শুরু হয়েছে এই কর্মসূচি। মূলত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষরাও পুজোর দিনগুলিতে নিজের এবং নিজের পরিবারকে নতুন জামা কিনে দিতে পারেন সেজন্যই এই নমো মল খোলার ভাবনা। জানা গিয়েছে, এহেন মলে মাত্র ৫ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত, সমস্ত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের জামা পাওয়া যাবে।

এদিন পানিহাটিতে নমো মলের সূচনা করে সুকান্ত মজুমদার বলেন, ”আমাদের নেতা-কর্মীরা কয়েক হাজার জামা-কাপড়ের ব্যবস্থা করেছেন এখানে। মাত্র ১০ টাকার কুপন কিনে কাপড়, শাড়ি কিংবা বিভিন্ন জিনিস কেনার সুযোগ পাবেন মানুষ। একেবারেই অভিনব উদ্যোগ।” কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা বলতেন, সেবাই সংগঠন। সেবার মাধ্যমেই সংগঠনের কাজ করতে হবে। অন্যান্য রাজনৈতিক দল ভোটকেন্দ্রিক। কিন্তু আমরা আলাদা। ভোটের দিকে তাকিয়ে কিছু করি না। এহেন পদক্ষেপে বহু মানুষ উপকৃত হবেন। তাঁদের মুখেই হাসি ফুটবে বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। শুধু তিনিই নয়, এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়ও।
