Hashtagintro

১০ দিন আগে হয়েছিল হামলা, আমেরিকার সেই মন্দিরে গিয়েই নবরাত্রি উদযাপন মামদানির!

মুসলিম মেয়র, তাও আবার ভারতীয় বংশোদ্ভুত। নিউ ইয়র্কবাসীর মন ও সমর্থন পাওয়ার পরও সমালোচনার শিকার হতে হয়েছিল মেয়র জোহরান মামদানিকে। তবে পরবর্তীতে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও সর্বোপরি অসাম্প্রদায়িক ভাবমূর্তির জেরে অচিরেই জনপ্রিয় হয়ে ওঠেন। এবার আমেরিকার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবরাত্রি উৎসব পালনে মন্দিরে গেলেন তিনি। নবরাত্রির ডান্ডিয়া, গরবা নাচের পাশাপাশি বিজয়া দশমীর সিঁদুরখেলা, আরতিতেও মেতে উঠলেন মামদানি। তাঁর এই মন্দির যাত্রা শুধু ধর্মীয় আচার পালনই নয়, আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। যে মন্দিরে মামদানি গেলেন, দিন দশেক আগে এখানেই বন্দুকবাজের হামলা হয়েছিল। কিন্তু নিরাপত্তার কথা না ভেবে সেখানেই উৎসব পালন করলেন নিউ ইয়র্কের মেয়র। নিজের সোশাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করেছেন মামদানি।

আরতিতে অংশ নিলেন জোহরান মামদানি, ছবি: ফেসবুক

নামী ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। সেটাই তাঁর ভারতীয় হিন্দুর যোগসূত্র। নিজে মুসলিম ধর্মাবলম্বী হলেও সব ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা সমান। চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কের মেয়র হওয়ার পর কোরান ছুঁয়ে শপথ নিয়েছিলেন, যা আমেরিকার ইতিহাসে প্রথম। পরবর্তী সময়ে সে দেশের হিন্দু বা মুসলিমদের উপর আক্রমণের ঘটনায় মামদানির প্রতিবাদী কণ্ঠস্বর শোনা গিয়েছিল বারবার। আর এবছর দুর্গোৎসবে হিন্দু ধর্মের প্রতি নিজের পছন্দ প্রকাশ্যে আনলেন মেয়র। বুধবার কুইন্সের মন্দিরে যান মামদানি। একসঙ্গে নবরাত্রি, দশেরা ও বিজয়া দশমীর অনুষ্ঠান চলছিল সেখানে।

নবরাত্রিতে ডান্ডিয়া, গরবা নাচে অংশগ্রহণ করেন নিউ ইয়র্কের মেয়র। তারপর দুর্গা আরতি ও সিঁদুরখেলাতেও দেখা যায় তাঁকে। নিজেই সোশাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করেছেন। মন্দিরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষজন মামদানিকে এভাবে কাছে পেয়ে আপ্লুত। তাঁকেই অতিথি হিসেবে গণ্য করে সুন্দর নাচগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মত, এভাবে আমেরিকার হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তাই স্পষ্ট করলেন নিউ ইয়র্কের মেয়র।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language