তারকেশ্বর পুরসভাকে ‘অ্যাওয়ার্ডি সিটি’ হিসাবে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এর অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তারকেশ্বরের এই গৌরবময় সম্মান অর্জনের জন্য তিনি সমাজমাধ্যমে জেলা প্রশাসন, পুরসভা এবং এর সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
‘স্বচ্ছ সর্বেক্ষণ’ ২০২৫-২৬ এর জাতীয় স্তরে স্বীকৃতি পাচ্ছে তারকেশ্বর। দীর্ঘ ১০ বছর ধরে এই স্বচ্ছ সর্বেক্ষণে অংশ নেয়নি পশ্চিমবঙ্গ। দেশের অন্যান্য শহরের সঙ্গে প্রতিযোগিতায় পরিচ্ছন্নতার নিরিখে পিছিয়ে ছিল রাজ্যের শহরগুলি। বাংলার রাশ বিজেপি সরকারের হাতে যাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়! অগ্নিমিত্রা পালের দাবি, সরকারে আসার প্রথম দিন থেকেই আমরা স্বচ্ছতায় জোর দিয়ে আসছি। বহু শহরে সমীক্ষা চলছে। কয়েক মাসে একাধিক পদক্ষেপের ফলস্বরূপ এই স্বীকৃতি।
অগ্নিমিত্রার বক্তব্য, “পরিচ্ছন্নতা, নাগরিক সচেতনতা এবং উন্নত নগর পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন,তাঁদের এই সম্মান নিঃসন্দেহে উৎসাহিত করবে। স্বচ্ছ ও সুন্দর শহর গড়ার এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করে আমরা এগিয়ে চলি—এই প্রত্যাশা রাখি।” উল্লেখ্য, স্বচ্ছ সর্বেক্ষণে দেশের বিভিন্ন শহরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবার মতো একাধিক মাপকাঠিতে মূল্যায়ন করা হয়। ১৫০টিরও বেশি পরিচ্ছন্নতা সংক্রান্ত সূচকের ভিত্তিতে এই সমীক্ষা হয়।
