ভোটচুরি নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভোটচুরি যে শুধু জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার থাকাকালীন হচ্ছে তাই নয়, অতীতেও হয়েছে। সেই ২০১৪ সালে বিজেপি যখন প্রথমবার ক্ষমতায় এল সেবারও ভোটচুরি হয়েছে। শুধু দলের চাপে তিনি প্রকাশ্যে কিছু বলতে পারেননি।
এই মুহূর্তে দু’দিনের মার্কিন সফরে রাহুল গান্ধী। সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বিস্ফোরক দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি দাবি করেন, ২০২৪ সালে যে বিশাল ব্যবধানে বিজেপি জিতেছিল, সেটা নিয়ে কংগ্রেসের অন্দরেও প্রশ্ন ওঠে। রাহুল বলেন, “২০১৪ লোকসভা নির্বাচনের সময়ও আমাদের মনে হয়েছিল কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। কারণ যে ব্যবধানে বিজেপি জিতছে, সেগুলির কোনও ব্যাখ্যা হয় না। কিন্তু সেসময় আমাদের হাতে প্রমাণ ছিল না।”
তাৎপর্যপূর্ণভাবে রাহুল দাবি করেছেন, প্রমাণ হাতে পাওয়ার পরও সেসময় তিনি ভোটচুরির অভিযোগ করতে পারেননি। কারণ দলেরই সিনিয়র নেতারা তাঁর উপর চাপ দেন। লোকসভার বিরোধী দলনেতা বলেন, “যখন আমি প্রমাণ হাতে পেলাম এবং সেগুলি দলের সিনিয়র নেতাদের বললাম, তাঁরা আমাকে বলে দিলেন, এখন এটা নিয়ে কিছু বলবেন না।” রাহুলের দাবি, “আজকের দিনে দাঁড়িয়েও যদি বলি ভারতীয় গণতন্ত্রে কোনও সমস্যা রয়েছে, সেটাও খুব কঠিন। আমার কাছে ৩০০ শতাংশ নিশ্চিত প্রমাণ থাকতে হবে।”
রাহুলের দাবি, লাগাতার ভোটচুরি ভারতের গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতি নিয়ে আন্দোলন করেই যাবে কংগ্রেস। তাতে যদি রাজনৈতিকভাবে মূল্য দিতে হয় তাতেও তিনি রাজি। কিন্তু দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিরোধীরা ভোট বয়কটের পথে হাঁটবে? রাহুল বলছেন, “সে প্রশ্ন নেই। আমরা ভোটে লড়াই করতে থাকব এবং ভুলত্রুটি তুলে ধরতে থাকব। কারণ ভোটে না লড়লে এক সেকেন্ডে দেশের গণতন্ত্র পুরোপুরি শেষ হয়ে যাবে।”
