২০২৭-২৮ অর্থবর্ষের বাজেট তৈরির প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট তৈরির কাজও শুরু হয়েছে। এই দুই বাজেটের জন্য প্রশাসনিক ব্যয় সংক্রান্ত প্রস্তাব আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। গত বুধবার অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন।
নির্দেশিকা অনুযায়ী, প্রস্তাব জমা দিতে হবে আই-বাজেট ২.০ পোর্টালের ডিপার্টমেন্টাল বাজেট এন্ট্রি মডিউলে। অনলাইনে জমা দেওয়া প্রস্তাবকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে। তাই আলাদা করে কোনও কাগজের কপি পাঠানোর প্রয়োজন নেই। ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট তৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত হওয়া প্রকৃত খরচ এবং আগামী মাসগুলিতে সম্ভাব্য খরচের হিসাব দিতে হবে। পাশাপাশি, অতিরিক্ত বরাদ্দ, তহবিল পুনর্বিন্যাস এবং নতুন সাব-হেড চালুর মতো বিষয়গুলিও প্রস্তাবে উল্লেখ করতে হবে।
অন্যদিকে, ২০২৭-২৮ অর্থবর্ষের বাজেট তৈরির ক্ষেত্রে আগের বছরের প্রকৃত খরচ এবং চলতি বছরের সংশোধিত বাজেটকে ভিত্তি করতে বলা হয়েছে। আগের বছরের খরচের সঙ্গে প্রস্তাবিত বরাদ্দে বড় কোনও ফারাক থাকলে তার যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সঙ্গে আলোচনা করার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি খরচ কমানোর বিষয়ে আগে জারি করা নির্দেশিকাগুলিও মেনে চলতে বলা হয়েছে। অনলাইনে প্রস্তাব জমার ক্ষেত্রে কোনও প্রযুক্তিগত সমস্যা হলে অর্থ দপ্তরের বাজেট ও ই-গভর্ন্যান্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে।
