৬ বছরের রাজনৈতিক বিচ্ছেদ পর্বে ইতি। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের জোট বাঁধল বিজেপি ও অকালি দল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এনডিএ-র অধিনে জোট ঘোষণা করল দুই দল। এইসঙ্গে অমিত শাহর বার্তা, ক্ষমতায় এলে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত রাজ্য করব।
দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যৌথ সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমিত শাহ, শিরমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বলা বাহুল্য, জোট ঘোষণার জন্য গুরু নানকের জন্মবার্ষিকীতে বেছে নেওয়া হয় উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক কৌশল হিসাবেই। অমিত শাহ বলেন, “সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন অকালি দল আমাদের সবচেয়ে পুরনো বন্ধু। আমরা একসঙ্গে বেশ কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। তবে এক পর্যায়ে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। আজ সেই সম্পর্ক পুনরায় গড়ে উঠল। আমরা অত্যন্ত আনন্দিত।”
শাহ জানান, পাঞ্জাব সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই দুই দল যৌথ নির্বাচনী ইস্তেহারে নিজেদের অবস্থান ঘোষণা করবে। এর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত পাঞ্জাব এবং জাতীয়বাদী শক্তিগুলিকে একজোট করার নীতি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশের মাদক সংক্রান্ত সমস্যা। তিনি বলেন, “পাঞ্জাব থেকে মাদক নির্মূল করা হবে আমাদের প্রধান লক্ষ্য। এইসঙ্গে রাজ্য থেকে দুর্নীতি দূর করা এবং জাতীয়তাবাদী শক্তিগুলিকে শক্তিশালী করাও হবে আমাদের অন্যতম লক্ষ্য হবে।”
শাহ প্রস্তাবিত মাদকবিরোধী অভিযানের জন্য একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন। তিনি বলেন, “আমরা ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত রাজ্য করব।” এদিন সাংবাদিক সম্মেলনে শাসক দল আপের প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসকেও তোপ দাগেন। জোটসঙ্গী আকালি দল প্রধান সুখবীর সিং বাদল বলেন, “এটি কেবল একটি রাজনৈতিক জোট নয়, বরং একটি আবেগঘন জোট। আমার প্রয়াত বাবা বলতেন যে এই জোট পাঞ্জাবের জন্য, রাজ্যের মঙ্গলের জন্য এবং জনগণের জন্য। আমার বাবা, আডবাণীজি এবং বাজপেয়ীজি এই সম্পর্ক গড়ে তুলেছিলেন।”
