গত একমাসে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চন। কখনও গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং তো কখনও বা আবার অশীতিপর মেগাস্টারের উপর খলিস্তানপন্থী জঙ্গিদের হামলার ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে এসেছে। এরপরই বিগ বি’র নিরাপত্তা আরও জোরদার করেছে মুম্বই পুলিশ। এমনকী ‘জলসা’ চত্বরও মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। এর মাঝেই ২৬/১১ জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি উসকে ফের বলিউডের শাহেনশাহর বাংলোয় বোমা হামলার হুমকি।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, বৃহস্পতিবার বোমা হামলার হুমকি (Mumbai Bomb Threat) দেওয়া হয়েছে। তালিকায় শুধু ‘জলসা’ নয়, একাধিক মেট্রো স্টেশন-সহ মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনারকেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় দশটা নাগাদ হুমকি মেল এসেছে বলেই সূত্রের খবর। পাঞ্জাবি, হিন্দি ও ইংরেজি মোট তিনটি ভাষায় ২৬ নভেম্বর দুপুর ১টা ১১ মিনিটে মেয়রের দপ্তর এবং বিকেল ৩টের সময় আদালত উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি।

পাশাপাশি ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ড্রোনের সাহায্যে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’-তে হামলা চালানোর হুমকি। পুলিশ আধিকারিক সূত্রে খবর ‘ই-মেলে খলিস্তানপন্থী স্লোগান এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গারও উল্লেখ রয়েছে। ই-মেলের শেষে দুটি সংগঠনের নাম উল্লেখ রয়েছে, খালিস্তান ন্যাশনাল আর্মি এবং বাব্বর খালসা।’ ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখযোগ্যভাবে, ছাব্বিশ সালে ২৬/১১-এর আঠারো বছর পূর্তি। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণের হুমকি। আগামী শুক্রবার মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট। হুমকিমেলে গায়কের নামও উল্লেখ রয়েছে। তিন ঘণ্টার কনসার্ট বন্ধ না করলে আগামী ৩০ দিন মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা চলবে বলেও হুমকি দেওয়া হয়েছে। একাধিক মেট্রো স্টেশনে বিস্ফোরণের আশঙ্কার কথাও নাকি জানানো হয়েছে ওই ইমেলে।

সত্যিই বিস্ফোরক রাখা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। তবে ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাত্রীদের মেট্রো ব্যবহার না করার সতর্কতা জারি করা হয়েছে। অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’কে নিশানা করে হুঁশিয়ারি, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। স্পষ্টভাবে লেখা, ‘খুন কা বদলা খুন’। যার বাংলা তর্জমা, ‘খুনের বদলা খুন।’
