মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে শান্তি, ঐক্য ও মানবতার বার্তা বলিউডের বাদশা শাহরুখ খানের। দৈনন্দিন জীবনে শান্তি অব্যাহত রাখতে হিংসার পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়া উচিত বলে মনে করেন অভিনেতা। এবিষয়ে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখের সংযোজন, সংঘাতের পরিবর্তে আলোচনা এবং ভয়ের পরিবর্তে বিশ্বাসকে প্রাধান্য দিতে হবে। সংশ্লিষ্ট অনুষ্ঠানে জঙ্গি হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষ, দেশের স্বার্থে শহিদ জওয়ানদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন। শান্তি বজায় রাখার ক্ষেত্রে প্রত্যেক মানুষের ব্যক্তিগত দায়িত্বের উপরও আলোকপাত করেন শাহরুখ। মতের অমিল থাকলেও একে অপরের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বোঝার চেষ্টা করার আহ্বান জানান।
শনিবারের ‘গ্লোবাল পিস অনার্স’-এ বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে ছোট ছেলে আব্রাম প্রসঙ্গ। ছোট্ট আব্রামের একটি প্রশ্নই শাহরুখকে নতুন করে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। বাবা-ছেলের কথোপকথনের প্রসঙ্গ উত্থাপন করে শাহরুখ বলেন, “একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল কীভাবে ঘৃণাকে ভালোবাসায় পরিণত করা যায়। আমি ওকে বলেছিলাম, এটা খুবই সহজ। আমরা যদি প্রত্যেকে হিংসার বদলে আলোচনা, ভয়ের বদলে বিশ্বাস এবং একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বেঁচে থাকার সিদ্ধান্ত নিই তাহলেই ভালোবাসার জয় অনিবার্য।”

এদিন তিনি আরও বলেন, “শান্তি শুরু হয় খুব ছোট একটি জায়গা থেকে, আমাদের অন্তর থেকে। শান্তি, একটি সিদ্ধান্ত। একটি দায়িত্ব এবং এমন একটি প্রতিশ্রুতি যা আমাদের প্রতিদিন পালন করতে হবে। সাধারণ মানুষের শক্তিকে কখনও ভুলে যাবেন না। আমরা সবাই সাধারণ মানুষ এবং আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। তাই আজ আমরা একটি ছোট্ট প্রতিজ্ঞা করি। সব বিষয়ে আমাদের একমত হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রত্যেকের পরিস্থিতি বোঝার চেষ্টা আমাদেরই করতে হবে। আমরা হয়তো অনেক ভুল কাজ করতে পারি, কিন্তু কখনও কারও জীবনে সমস্যা বা কষ্টের কারণ হওয়া উচিত নয়। আমাদের দেশ ভারত শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ।”
এরপর ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের স্মরণ করেন শাহরুখ। আবেগমিশ্রিত কণ্ঠে অভিনেতা বলেন, “২৬/১১-র সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শহীদ জওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম। আজ দেশের বীর সেনা ও জওয়ানদের উদ্দেশে আমাকে চারটি সুন্দর পংক্তি আবৃত্তি করতে বলা হয়েছে।” এরপর দেশের জন্য আত্মত্যাগ করা সেনাদের সাহস ও কর্তব্যনিষ্ঠার কথা তুলে ধরে কয়েকটি লাইন আবৃত্তি করেন।
View this post on Instagram
দেশের সুরক্ষায় নিয়োজিত সেনাদের সাহস এবং তাঁদের দায়িত্ববোধের প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, “কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কী করেন? গর্বের সঙ্গে বলবেন, আমি দেশকে রক্ষা করি। কেউ যদি জানতে চান, কত টাকা আয় করেন? একটু হেসে বলবেন, ১৪০ কোটি মানুষের আশীর্বাদই আমার উপার্জন। আর যদি কেউ আবার প্রশ্ন করেন, আপনার কি কখনও ভয় হয় না? তাঁর চোখের দিকে তাকিয়ে বলবেন, যারা আমাদের আক্রমণ করে, ভয়টা তারাই অনুভব করে।” বক্তব্যের শেষে জাতি, ধর্ম, বর্ণ এবং সমস্ত ধরনের বৈষম্য ভুলে মানবিক হওয়ার আহ্বান জানান শাহরুখ। তাঁর আবেদন, দেশের শান্তি ও নিরাপত্তার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের আত্মত্যাগ যেন কখনও বৃথা না যায়।
