নীলাদ্রি মৈত্র, মুম্বই: আঠেরোটা বছর কেটে গিয়েছে ভয়ঙ্কর সেই দিনটার পর থেকে। কিন্তু স্মৃতিগুলো এখনও টাটকা। আমাদের ভালবাসার ‘আমচি মুম্বই’-এর ইতিহাসে অন্যতম অন্ধকারতম দিন। আমার মনে হয় না, শেষ নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত নিদ্রাহীন সেই রাতটার কথা কখনও ভুলতে পারব।
ঠিক ছিল, ২৭ নভেম্বর চেন্নাই যাব। তখন চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। রাত প্রায় ন’টা। আমি টিভির সামনে বসে। ইংল্যান্ড বনাম ভারতের ক্রিকেট ম্যাচ দেখছি। কিন্তু মাথায় ঘুরছে একটাই চিন্তা। কীভাবে চেন্নাই পৌঁছব! কীভাবে কাজ শেষ করব!
হঠাৎই এক বন্ধুর ফোন। জিজ্ঞেস করল, “আচ্ছা, মুম্বইয়ের সিএসটি, স্টেশনে কী হচ্ছে, জানো কিছু?” আমি তো অবাক! সঙ্গে সঙ্গে খবরের চ্যানেল ঘোরালাম। যা দেখলাম, বিশ্বাস হল না। জঙ্গি হামলার কবলে আমাদের মুম্বই শহর।
প্রাথমিকভাবে, কোথায়-কোথায় হামলা চলেছে-তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। তার পর জানা গেল পুরো তথ্য। সিএসটি (তখন নাম ছিল ভিটি স্টেশন), গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে তাজ হোটেল, মেরিন ড্রাইভের কাছে ট্রাইডেন্ট হোটেল, রিগ্যাল সিনেমার কাছে লিওপোল্ড ক্যাফে এবং কোলাবার নরিম্যান হাউসে ‘অ্যাটাক’ হয়েছে। দু’টো বিস্ফোরণের খবরও ছিল। একটা ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের কাছে ভিলে পার্লেতে। আর একটি মাজগাঁওর ওয়াদি বন্দরে। প্রথমের কয়েকটা ঘণ্টা তো চারদিকে আতঙ্ক, অস্বস্তিতেই কেটে গিয়েছিল। হামলার অভিঘাত যে কতটা তীব্র, কতটা ভয়ঙ্কর-তা ঠাহর করা রীতিমতো কঠিন ছিল।

একটুও আর দেরি না করে আমার এডিটর-ইন-চিফ সৃঞ্জয় বোসকে ফোন করলাম। কী ঘটেছে, ছোট করে বললাম। তিনি বললেন, অবিলম্বে চেন্নাই ট্রিপ বাতিল করতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে। কিছু ক্ষণ পরেই নির্দেশ এল। এডিটর জানালেন, একটা গাড়ি ভাড়া করে স্পটে যেতে। ততক্ষণে অনেকটা রাত হয়ে গিয়েছে। কলকাতা থেকে আমার এক সহর্কমীও মুম্বইয়ের দিকে রওনা দিলেন।
গাড়ি যখন সিএসটি স্টেশনের কাছে, তখন বুঝলাম গোটা শহরটা যেন রাতারাতি থমকে গিয়েছে। এই মুম্বইকে আমি চিনি না। এই মুম্বই সেই মুম্বই নয়, যেখানে আমি কাজ করেছি। যে শহরকে আমি চিরকাল অদম্য, অপ্রতিরোধ্য বলেই জেনেছি। সেই রাতে কিছু একটা বদলে গিয়েছিল। আমার প্রথম স্টপ ছিল সিএসটি-ই। জায়গাটার অবস্থা তখন ভয়ঙ্কর বললেও কম হয়। আতঙ্কে মানুষজন এদিক-ওদিক দৌড়চ্ছেন। চোখের সামনে দেখছি, সারে-সারে মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছেন হাসপাতালকর্মীরা। একে, একে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। সিএসটি থেকে এগোলাম তাজ হোটেলের দিকে। ততক্ষণে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছাড়িয়ে গিয়েছে। গোটা জায়গাটা পুলিশ ঘিরে রেখেছে। কিন্তু দূর থেকে ঘন, ঘন গুলির আওয়াজ আসছে। তাজ হোটেলের ভিতর থেকে গ্রেনেডের ফাটার শব্দ হচ্ছে। দেখলাম, মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন, পুলিশের গাড়ি-অ্যাম্বুলেন্সে চারদিক ছয়লাপ।
এই মুম্বই সেই মুম্বই নয়, যেখানে আমি কাজ করেছি। যে শহরকে আমি চিরকাল অদম্য, অপ্রতিরোধ্য বলেই জেনেছি। সেই রাতে কিছু একটা বদলে গিয়েছিল।
কিছুক্ষণ তাজ হোটেলের সামনেই দাঁড়ালম। বুঝলাম, আমাদের সে অর্থে কিছু করার নেই। প্রেসের কাউকে সামনে এগোতেই দেওয়া হচ্ছে না। হোটেলের বাইরে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সব কিছু দেখছি। হোটেলের ভিতরে তখনও জঙ্গিরা রয়েছে। নিরাপত্তার স্বার্থেই পুলিশ আমাদের অনেকটা সরিয়ে, ডেঞ্জার জোনের বাইরে রাখতে বাধ্য হয়েছিল।
এরই মধ্যে জানলাম, হামলা ততক্ষণে অন্যত্র ছড়িয়ে পড়েছে। জঙ্গিরা কামা হাসপাতালের দিকে এগিয়েছে। সেই দলটাতেই রয়েছে কাসব। সেখান থেকে বেরোনোর সময় পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। নিজের চোখে দেখিনি। তবে শুনেছি। জঙ্গিদের দলটা এর পর মেরিন ড্রাইভের দিকে এগোচ্ছিল। ফের পুলিশের মুখে পড়ে। গিরগৌম চৌপাটির কাছে কাসবকে পাকড়াও করা হয়।
মেরিন ড্রাইভের দিকে এগোলাম। সেখানে ট্রাইডেন্ট হোটেল হামলার কবলে পড়েছিল। সেখানকার ছবিটাও তাজ হোটেলের মতোই ছিল। ততক্ষণে জেনে গিয়েছি, নরিম্যান হাউসও নাশকতার কবলে পড়েছে। আমার সহকর্মী এসে পৌঁছলে, তাঁর সঙ্গে পরে, একে একে ঘুরেছি সন্ত্রাসের কবলে পড়া সব জায়গায়।

পর পর, দু’রাত আমাদের এইভাবেই কেটেছে। স্পষ্ট ছবিটা কী, কেউ জানে না। শুধু চোখের সামনে যা দেখছি, যা শুনেছি-তা-ই বোঝার চেষ্টা করছি। একটা সময় চোখে পড়ল, এনএসজি কম্যান্ডোরা ছাদের রাস্তা বেয়ে ঢুকলেন নরিম্যান হাউসের ভিতর। তারপরই পর পর গুলি-গ্রেনেডের শব্দ। বুঝলাম, কম্যান্ডোদের পাল্টা জবাব দিচ্ছে জঙ্গিরাও। ঘটনার অভিঘাত চোখে না দেখলে-কানে না শুনলে বোঝাই সম্ভব নয়। ২০০৮ সালের ২৬-২৮ নভেম্বরের সেই সব ভয়ঙ্কর রাত। অভিশপ্ত বললেও কিছুই বলা হয় না। শেষ পর্যন্ত ২৯ নভেম্বর ভোরের দিকে তাজ হোটেল জঙ্গিমুক্ত হল। শেষ জঙ্গিকেও গুলি করে মারল কম্যান্ডোরা।
একটা সময় চোখে পড়ল, এনএসজি কম্যান্ডোরা ছাদের রাস্তা বেয়ে ঢুকলেন নরিম্যান হাউসের ভিতর। তারপরই পর পর গুলি-গ্রেনেডের শব্দ। বুঝলাম, কম্যান্ডোদের পাল্টা জবাব দিচ্ছে জঙ্গিরাও।
হারানো ছন্দ পরে ফিরে পেয়েছে মুম্বই। কিন্তু সময় লেগেছে সব কিছু স্বাভাবিক হতে। ২৬/১১-র অভিঘাত, প্রাণহানি, আতঙ্ক-ভুলব না। ভোলা সম্ভবও নয়। শুধু বলব, এটা শুধুমাত্র ইতিহাসের পাতার একটা দিন নয়। এটা মুম্বইয়ের বুকে সেই গভীর ক্ষত, যা কোনওদিন পুরোপুরি সারবে না।
Source: Sangbad Pratidin India (Bengali)
