হাত-পা ঝিনঝিন করত। মাথার ভিতর ব্যথা হলেও প্রথমটায় গা করেননি। কিন্তু শেষমেশ দেখা গেল মারণ অসুখ। এমআরআই, সিটিস্ক্যানে বছর ছাব্বিশের যুবকের শরীরে ধরা পড়ল অতিকায় টিউমার। আদতে যা একধরনের ক্যানসার। যে ক্যানসারের বিপজ্জনক দিক প্রাথমিক পর্যায়ে কোনও উপসর্গ থাকে না। স্রেফ আক্রান্ত স্নায়ুর কারণে শরীরের কোনও অংশে অনুভূতি কমে যায়। টিউমারটি এতটাই বড় ছিল, দেশের একাধিক প্রথম সারির হাসপাতাল রাজি হয়নি। অসাধ্য সাধন করল কল্যাণীর এইমস।
২৬ বছরের যুবকের মস্তিষ্কের স্নায়ু থেকে তৈরি বিরল মারণ ২.৯ কেজির মাংসপিণ্ড অস্ত্রোপচার করে বাদ দিলেন নিউরোসার্জনরা। চিকিৎসকদের দাবি, এটিই এযাবৎকাল পর্যন্ত বিশ্বের বৃহত্তম মস্তিষ্কের টিউমার। মাংসপিণ্ডটি বাদ দেওয়ার সময় বিপুল রক্তক্ষরণ হয়। তাঁকে প্রায় ১৮ ইউনিট প্যাকড রেড ব্লাড সেল রক্ত দিতে হয়েছে। একে বলা হয় আল্ট্রা ম্যাসিভ ট্রান্সফিউশন। চিকিৎসা বিজ্ঞানে টিউমারটি ম্যালিগন্যান্ট পেরিফেরাল নার্ভ সিথ।
আদতে যা মস্তিষ্কের মধ্যে স্নায়ুর আবরণ বা স্নায়ুকে ঘিরে থাকা টিস্যু থেকে তৈরি হওয়া এক ধরনের বিরল ক্যানসার। এইমস কল্যাণীর দাবি, আকারে ও ওজনে এটি বিশ্বের বৃহত্তম টিউমার। গোটা অস্ত্রোপচারে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানাস্থেশিওলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই বিরল অস্ত্রোপচারে কল্যাণী এইমস-এর ডিরেক্টরকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও।
