উত্তর ২৪ পরগনার বারাসত ও মধ্যমগ্রামে কালীপুজোয় প্রচুর জনসমাগম হয়। প্রতিমা ও মণ্ডপ দেখতে অন্যান্য জায়গা থেকেও মানুষজন সেখানে আসে। কালীপুজোর ভিড় সামলাতে বারাসত ও মধ্যমগ্রামে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করছে বারাসত জেলা পুলিশ। দুই শহরে এই বছর পুজোর সংখ্যা ২,৬১৪। তার মধ্যে ৩৯টি বড় বাজেটের পুজো। পুজোর সংখ্যা বৃদ্ধির জেরে দর্শনার্থীর ঢলও বাড়বে বলে অনুমান পুলিশ কর্তাদের। বাহিনীর তদারকিতে থাকবেন পুলিশ সুপার পদমর্যাদার দু’জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চার আধিকারিক।
বারাসতের অধিকাংশ বড় বাজেটের পুজো ১১২ নম্বর জাতীয় সড়কের ধারে। তাই আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জাতীয় সড়ক ও টাকি রোডে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাককে এয়ারপোর্টের আড়াই নম্বর গেট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দেগঙ্গা ও বসিরহাটগামী গাড়ি চলবে মধ্যমগ্রামের বাদু রোড দিয়ে। ডাকবাংলো মোড় থেকেও জাতীয় সড়কে গাড়ি প্রবেশ নিষিদ্ধ। দর্শনার্থীদের গাড়ি রাখার জন্য নির্দিষ্ট হয়েছে একাধিক পার্কিং জোন। দুই চাকার গাড়ির জায়গা ১১ নম্বর রেলগেট সংলগ্ন রেল ইয়ার্ডের রাস্তা। বারাকপুরের দিক থেকে আসা গাড়ি রাখা যাবে আরিফবাড়ি মোড়ে।
এ ছাড়া আরদেবক এবং পূর্ব বারাসত স্কুল সংলগ্ন এলাকাতেও পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে পুজোর মধ্যে কোনও বাস ছাড়বে না। বিকল্প বাসস্ট্যান্ড করা হয়েছে আরিফবাড়ি, আরদেবক, যশোর রোডের গেঞ্জি মিল এবং টাকি রোডের পোড়া ফ্যাক্টরি এলাকায়। টাকি রোডে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সবজি ও দুধের গাড়ি চলাচলের সুযোগ থাকবে। ওই সময় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে। পুলিশ সুপার জে মার্সি জানান, আগামী ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত যান নিয়ন্ত্রণের নিয়ম কার্যকর থাকবে। বিমান ওঠানামায় যাতে সমস্যা না হয়, সে কারণে মধ্যমগ্রাম থানা এলাকায় ফানুস ওড়ানো ও লেজার লাইট নিষিদ্ধ করা হয়েছে।
