কে যে কার প্রেমে পড়বে, তা এই বিশ্বভুবনে বোঝা দায়। মনের টানাপোড়েন যে শুধু মনুষ্যকূলেই সীমাবদ্ধ তা নয়। পশুদের মধ্যেও তৈরি হয় নানা সমীকরণ। ঠিক যেমন ইথিপিয়ার একটি মালভূমিতে ষাঁড় ও গাধার সমকামী সম্পর্ক দেখে তাজ্জব বিজ্ঞানীরা।
বিষয়টা খোলসা করা যাক, সম্প্রতি ইথিওপিয়ার জেলাডা বাঁদর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন একদল গবেষক। তাঁদের গাধা ও ষাঁড়ের অদ্ভূত আচরণ নজরে আসে। কখনও একে অন্যের গা চাটছে। আবার কখনও তারা একে অপরের ঘা ঘসছে। একাধিক যৌন সম্পর্ক তৈরির চেষ্টা করতেও দেখতে পান গবেষকরা। তারপরই দু’জনকে পর্যবেক্ষণে রাখা শুরু করেন গবেষকরা। তাঁদের হিসাব বলছে, চার দিনে মোট ৫১ বার যৌন মিলনের চেষ্টা করে একে অপরে। গবেষকদের দাবি, ষাঁড়ের গাধার সঙ্গে মিলনের চেষ্টার ইচ্ছা তুলনামূলক বেশি। তবে গাধার তরফেও যে সে সাড়া পায় না, তা নয়। গাধাটিও মাঝেমধ্যে তার কাছে মিলনের চেষ্টায় এগিয়ে যায়। আবার যৌন আচরণের পর একে অপরের গা চেটে দিতেও দেখা গিয়েছে।
একই লিঙ্গের দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন সম্পর্ক তৈরি হওয়া কি স্বাভাবিক? নাকি এটি একেবারেই বিরল? বিজ্ঞানীদের দাবি, একেবারে বিরল তা বলা যাবে না। কমপক্ষে ১ হাজার ৫০০ বেশি প্রজাতির প্রাণী একই লিঙ্গের প্রতি আকৃষ্ট। এই প্রসঙ্গে ২০২৩ সালে করা গবেষণায় পাওয়া তথ্য বলছে, ২৬১টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এমন আচরণের প্রমাণ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে বিজ্ঞানীরা জাপানি ম্যাকাক বাঁদর এবং সিকা হরিণের যৌন আচরণের কথা বলেছেন। কিন্তু কেন সম্পর্ক তৈরি হয়? গবেষকদের মতে, পশুসমাজে সংঘাত কমিয়ে সামাজিক সম্পর্ক মজবুত করতে এমন সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। ঠিক যেমন স্ত্রী বোনোবো বাঁদরেরা সমকামী সম্পর্কে জড়ায়। স্ত্রী জাপানি ম্যাকাক বাঁদরেরাও সমকামী সম্পর্ক রাখে। আবার পুরুষ বটলনোস ডলফিনও বেশিরভাগ সময় এমন সম্পর্কে জড়াতে ভালোবাসে। বিবর্তনবাদের গবেষকদের মতে, সঙ্গী চিনতে ভুল করা, বিপরীত লিঙ্গের সঙ্গীর অভাবের ফলে অনেক সময় এমন সম্পর্ক তৈরি হয়। তবে এই গাধা এবং ষাঁড় ঠিক কী কারণে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ালেন, তার নিশ্চিত কোনও কারণ পাওয়া যায়নি। বিস্তারিত গবেষণার পর এই সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে বলেই আশা গবেষকদের।
