Hashtagintro

৪ লক্ষ আমন্ত্রিতের জন্য ৫০ লক্ষ গোলাপজামুন, হবে ঘোড়দৌড়, তৈরি হেলিপ্যাড! বিধায়কের মেয়ের বিয়ে

আমন্ত্রিত অতিথির সংখ্যা চার লক্ষাধিক, কয়েক একর জুড়ে প্যান্ডেল, এত লোকের জন্য চোখ ধাঁধানো বিশাল ভিয়েন বসেছে। সেখানে তৈরি হচ্ছে ৫০ লক্ষ গোলাপ জামুন। হবে ঘোড়দৌড়ও! মেয়ের বিয়ে উপলক্ষে চোখধাঁধানো আয়োজন করছেন বিহারের বাহুবলী বিধায়ক অনন্ত সিংহ। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কদিন আগেই বিহারের ‘ছোটে সরকার’ নিজেই জানান, কেবল ভারত নয়, পাকিস্তান থেকে আসছেন আত্মীয়রা। এমন ঘোষণায় বিতর্ক আরও বেড়েছে।

বলিউড সিনেমা বা টিভি সিরিয়ালের সেটের জমককেও হার মানাবে এলাহি বিয়ের আয়োজন। আগামী ২৫ নভেম্বর পাটনার লাদমা গ্রামে অনন্তের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এই বিয়ে। মেয়ের নাম শিবাঙ্গী। কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে ঋষিকেশ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। সেই কারণেই বিহারের রাজনীতিতে ‘বাহুবলী’ নেতা হিসাবে পরিচিত বিধায়ক বাবার কোনও খামতি রাখছেন না।

জানা গিয়েছে, মোকামার বিধায়কের মেয়ের বিয়ে উপলক্ষে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা মূল আকর্ষণ। ওই ঘোড়দৌড়ে জয়ীকে দেওয়া হবে মাহিন্দ্রা থার। বিয়ের আগেই এসইউভি-টির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যা এই আকর্ষণীয় পুরস্কারটিকে কেন্দ্র করে সকলের নজর কেড়েছে। এমনিতে উত্তর ভারতের প্রায় সব উৎসব-অনুষ্ঠানেই গোলাপ জামুন অপরিহার্য। কিন্তু বিধায়কের মেয়ের বিয়েতে যে পরিমাণ গোলাপ জামুন তৈরি হয়েছে, তা দিয়ে অনায়াসেই এক-দুটি গ্রামকে খাইয়ে দেওয়া সম্ভব। বিয়েতে যেহেতু ভিভিআইপিরা আসবেন, সেকথা ভেবেই মহাসড়কের ঠিক পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও।

যদিও বর্তমানে জেডি(ইউ) থেকে বহিষ্কৃত তিনি। তাতে কী! অনন্ত জানিয়েছেন, শাসক দল ও বিরোধী দল, উভয় শিবিরের রাজনৈতিক নেতারা মেয়ের বিয়েতে আমন্ত্রিত। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি-প্রধান লালু প্রসাদ যাদব এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ বেশ কয়েক জন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে নিমন্ত্রণ জানানো হয়েছে। বাহুবলীর কথায়, “আমরা সবাইকে নিমন্ত্রণ জানাব। বিয়েতে কোনও শাসক দল বা বিরোধী দল থাকে না। এ সব ভাগাভাগি ভোটের সময় দেখা যায়। কিন্তু, বিয়ে এবং পারিবারিক অনুষ্ঠানে নয়।”

শুধু নেতা-মন্ত্রীরাই নন, অতিথি তালিকায় চলচ্চিত্র ও বিনোদনজগতের অনেক তারকাও থাকছেন। জানা গিয়েছে, অভিনেতা সোনু সুদ, লোকসঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর, সাংসদ-গায়ক মনোজ তিওয়ারী, ভোজপুরি তারকা পবন সিং এবং অক্ষরা সিং রয়েছেন তাঁদের মধ্যে। এছাড়াও বিলউডের তারকারাও আমন্ত্রিত বলেই খবর। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিমন্ত্রণ জানানো হবে বলে দাবি করেছেন অনন্ত সিং। সব মিলিয়ে বিহারের বহুবলী বিধায়কের মেয়ের রাজকীয় বিবাহ অনুষ্ঠান এখন নজরে। যদিও নিন্দুকরা প্রশ্ন তুলছেন, অপরাধজগৎ থেকে বিহারের রাজনীতির আঙিনায় প্রবেশ করা মোকামার বিধায়ক কীভাবে মেয়ের এত পয়সা খরচ করছেন? হরির লুটের মতো খরচা করা অর্থের উৎস কী?

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language