হাওড়া-শিয়ালদহ মেট্রোর কাজের কারণে সাত বছর আগে ঘরছাড়া হয়েছেন দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। দিন কাটছিল ভাড়ার বাড়িতে। শুধু অপেক্ষা আর অপেক্ষায় একের পর এক পালটেছে ক্যালেন্ডার! ওই রুটে মেট্রো চালু হলেও ঘরে ফেরা হয়নি। অবশেষে ফ্ল্যাটের চাবি হাতে পেল কয়েকটি পরিবার।
৭ বছর আগে বিপর্যয়ের শুরু। মেট্রোর কাজ শুরু হতেই বউবাজারের দু্র্গা পিতুরি লেনের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ বাঁচাতে ঘর ছাড়ে বহু পরিবার। মেট্রো চালু হওয়ার ২ বছর পরও এখনও নতুন ঘর মেলেনি তাঁদের। অবশেষে পুজোর ঠিক মুখেই কয়েকটি পরিবার হাতে পেল নতুন ঘরের চাবি। নেপথ্যে কেএমআরসিএল। এতবছর পর অবশেষে নিজের ঠিকানা পেলেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ আগস্ট, দুর্গাপুজোর আগে নেমে এসেছিল বিপর্যয়। মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ। একের পর এক বাড়িতে ধরে ফাটল। সেই ঘটনার তিন বছর পর ২০২২ সালের ১১ মে একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফের ফাটল ধরে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে। এরপর ২০২২ সালেরই ১৪ অক্টোবর, পুজোর আগে বউবাজারে মদন দত্ত লেনে ফিরে আসে ফাটল আতঙ্ক। এসবের জেরেই বহু বাসিন্দা এখানকার এখনও ঘরছাড়া। অপেক্ষায়, কবে পুনরায় বাড়ি বানিয়ে তাঁদের ঘরে ফেরাবে কেএমআরসিএল।
