আগামী ৫ নভেম্বর দিওয়ালির আবহে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ছবি নিয়ে নানা চর্চার মধ্যে বিতর্কও রয়েছে। শোনা যাচ্ছিল, ছবিতে নাকি ডাবিং করা হয়েছে এআই ব্যবহার করে। অবশেষে এই বিতর্কে মুখ খুললেন খোদ পরিচালক। নীতেশ তিওয়ারি জানিয়েছেন, প্রযুক্তি নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে। কিন্তু ডাবিং করানো হয়েছে রক্তমাংসের অভিনেতা-অভিনেত্রীদের দিয়েই।
লস অ্যাঞ্জেলসে ছবির প্রিমিয়ারের আসরে তাঁকে এই প্রশ্ন করা হলে নীতেশ জানিয়ে দেন, ‘‘এআই-এর বিষয়ে যদি বলি, তাহলে বলতেই হয় এটা কেবলই লিপ সিঙ্কের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে, যাতে আমরা এই ছবিটিকে বিশ্বের দর্শকদের কাছে তাঁদের নিজস্ব ভাষায় পৌঁছে দিতে পারি। কণ্ঠস্বরগুলি কিন্তু শিল্পীদের মাধ্যমেই ডাব করা হয়েছে। এআই-কে কেবল ঠোঁটের নড়াচড়া বা লিপ মুভমেন্ট সঠিকভাবে মেলানোর জন্য ব্যবহার করা হয়েছে, যাতে দর্শকরা তাদের মাতৃভাষায় সিনেমাটি উপভোগ করতে পারেন। ডাবিংয়ের ক্ষেত্রে কোনও এআই ব্যবহার করা হয়নি।” মনে করা হচ্ছে, নীতেশের এই ব্যাখ্যার পরে এই জল্পনার ইতি ঘটবে।
“Dubbing is done by dubbing artists and AI is only used for lip syncing.” Nitesh Tiwari on AI Dubbing. #Ramayana https://t.co/dIJon5wy7f
— The Cinéprism (@TheCineprism) October 28, 2026
ঘোষণার পর থেকেই চর্চায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। চার হাজার কোটির মেগাবাজেট মহাকাব্য নিয়ে আগ্রহ ক্রমশ তুঙ্গে উঠছে। পঞ্চমীতে মুক্তি পেয়েছিল ‘রামায়ণ’-এর দ্বিতীয় ইংরেজি ট্রেলার। নতুন ট্রেলারে আরও একবার ফুটে উঠতে দেখা যায় ভালো-মন্দের চিরন্তন লড়াই। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ট্রেলারটি মুক্তি পায়। যা দেখে আপ্লুত সিনেপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। এদিকে ছবিটির ভারতে মুক্তির তারিখ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ছবিটি দীপাবলির দিন অর্থাৎ ৮ নভেম্বর মুক্তি পাবে। পরে আবার মুক্তির দিন বদলে হয় ৪ নভেম্বর। পরে তা আরও একদিন পিছিয়ে করা হয় ৫ নভেম্বর।
