‘আশিকি ২’-র সেই সিগনেচার পোজ। বৃষ্টিভেজা রাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে ব্লেজারের আড়ালে নায়ক-নায়িকার চুম্বন দৃশ্যে দাগ কেটেছিল দর্শকদের মনে। কাট টু ‘বিগ বস বাংলা’। নন্দিনীর বিদায়বেলায় সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। ব্লেজার ঢাকা দিয়ে নন্দিনীর ঠোঁটে ঠোঁট ‘রোমিও’ রাজবীরের। বিগ বসের অন্দরমহলে রাজ-নন্দিনী জুটি ভেঙে যাওয়ায় খানিক দুঃখই পেয়েছেন নেটিজেনরা। তবে এই দৃশ্য যেন মনে দাগ কেটে গিয়েছে তাঁদের। আপাতত রাজনন্দিনীর চুমু নিয়ে মশগুল নেটিজেনরা। অনেকেই বলছেন, ‘এ তো আশিকি ৩।’
রবিবারে ‘দাদার দরবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, দর্শকদের ভোটে এবার দুর্গ ছাড়তে হবে অভিনেত্রী নন্দিনী দত্তকে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে-সহ অন্যান্যরা। তবে খেলার নিয়ম অনুযায়ী, একসময় তো সবাইকেই দুর্গ ছাড়তে হবে। ফলে বাকি প্রতিযোগীদের মতোই এদিনও নন্দিনীকে নিজের কাছে ডেকে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি জানান, বিগত দিনে দুর্গ থেকে বাদ পড়া সকলেই বিগ বসের তরফে উপহার পেয়েছেন। আর নন্দিনীর সঙ্গে দেখা করতে চান খোদ বিগ বস। সঙ্গে সঙ্গেই তাঁকে পাঠিয়েও দেওয়া হয়। এরপরই দেখা যায় চমক।
বিষয়টা ঠিক কী? দুর্গের আশপাশেই একটি সিক্রেট রুমে রাখা হয়েছে নন্দিনীকে। সেখানে রয়েছে একটি ডিসপ্লে, যেখানে প্রতিযোগীদের বিভিন্ন অ্যক্টিভিটি তিনি দেখতে পাবেন। হেডফোনে নির্দেশ পাঠাবেন বিগ বস। কিন্তু সেখানে থেকে নন্দিনীর কাজ ঠিক কী হবে, আবার কী মূল ঘরে ফেরানো হবে, নাকি বাকি সময়টা সিক্রেট রুমে বসেই কোনও টাস্ক সারতে হবে, তা অজানা। ফলে মনে করা হচ্ছে, দর্শকদের ভোটে নয়, সিক্রেট টাস্কের জন্যই দুর্গ থেকে বের করা হল নন্দিনীকে। এবার কোন স্রোতে বইবে খেলা, সেদিকেই নজর সকলের।
