বেআইনি উপায়ে পণ্য মজুত করা যাবে না। করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এবার তাঁর বিধানসভা এলাকাতেই বেআইনি উপায়ে চাল, গম মজুত করার অভিযোগে গোডাউন সিল করল পুলিশ। কর্মীদের বাইরে বার করে তালা ঝোলাল পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগরের মেহরপুরের ওই গোডাউনটির মালিকের নাম শাহাবুদ্দিন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই ওই গোডাউনের মালিক রেশন ডিলারের থেকে কম দামে চাল, গম কিনে গোডাউনে মজুত করছিলেন। এই খবর আগেই গিয়েছিল পুলিশের কাছে। এদিন দুপুরে পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় পুলিশে যে, গোডাউনে চাল, গম মজুদ করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা।
দেখা যায় চাল, গম গোডাউনে মজুত করা হচ্ছে। মালিক ছিলেন না। কর্মচারীরা কাজ করছিলেন। তাঁদের বার করে সিল করে দেওয়া হয় গোডাউনটি। গোডাউনের এক কর্মচারী বলেন, “আমরা কর্মচারী, আমাদের যেভাবে মালিক নির্দেশ দেয় সেভাবে কাজ করি ৷” পুলিশ মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে। খাদ্যমন্ত্রীর বিধানসভা এলাকাতেই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বেআইনি কার্যকলাপ রুখতে অভিযান চালানো হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
