Hashtagintro

‘ভালোবাসা-সম্মান সকলের প্রাপ্য’, জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুইয়ে দিলেন মন্ত্রী মৌমিতা

নিজের জন্মদিনে অনন্য নজির গড়লেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুইয়ে দিলেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী। বর্ধমান থেকে এবার ভোটে জিতে মন্ত্রী হয়েছেন মৌমিতা। বর্ধমান শহর ও আশপাশের এলাকার উন্নয়ন করতে বিশেষ নজরও দিয়েছেন। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়নের লক্ষ্যে কাজও শুরু হয়েছে। এবার এই মানবিক উদ্যোগের মধ্য দিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন তিনি।

বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে এই উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই আমন্ত্রিত ছিলেন এই সাফাই কর্মীরা। তাঁদের সংবর্ধনা জানান প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, মঞ্চে তাঁদের চেয়ারে বসানো হয়। মন্ত্রী নিজে হাতে তাঁদের পা ধুইয়ে দেন। সাফাই কর্মীরা নিরলস পরিশ্রম করে শহরকে পরিষ্কার রাখেন। সেজন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। কিন্তু কেন এই অভিনব উদ্যোগ?

In Bardhaman, Minister Moumita Biswas washed feet of sanitation workers on her birthday
মঞ্চে জন্মদিনের কেকও কেটেছেন মন্ত্রী। নিজস্ব চিত্র

মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “আগে বর্ধমান শহরে জায়গায় জায়গায় নোংরা, আবর্জনা জমে থাকত। ভোটে জেতার পর থেকে ক্লিন সিটি গ্রিন সিটি করার লক্ষ্যে শহর পরিষ্কার করার কাজ শুরু করি। সাফাই কর্মীরা শহর পরিষ্কার করেন। মহিলারাও সেই কাজ করেন।” মন্ত্রী আরও জানিয়েছেন, “বাড়িতে পরিবারের কাজকর্ম সামলেও তাঁরা শহর পরিষ্কারের কাজ করেন। শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ।”

তিনি আরও বলেন, “ভালোবাসা-সম্মান সকলের প্রাপ্য।” সেই কারণেই সাফাই কর্মীদের এভাবে সম্মান জানালেন মৌমিতা। মানবসেবাই ঈশ্বরসেবা এই ভাবনাকেই সামনে রেখে মানুষের পাশে থাকার বার্তা দিল তাঁর জন্মদিনের এই বিশেষ উদযাপন। মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়াকিবহাল মহল।

 

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language