Hashtagintro

দুর্গাপুরে খাবারে বিষ! হোটেলের ফ্রিজে পচা মাখন-মাংস, তাজ্জব খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা

কালীপুজোর আগে বড় বড় হোটেলের রান্নাঘরে মিলল পচা খাবার, দুর্গন্ধযুক্ত মাখন, মেয়াদ উত্তীর্ণ পাউরুটি, ফ্রিজে মজুত পুরনো গ্রেভি। খাদ্যসুরক্ষা দপ্তরের অভিযানে দুর্গাপুরে (Durgapur) প্রকাশ্যে চাঞ্চল্যকর ছবি।  শহরের একাধিক নামী হোটেলের রান্নাঘরের অন্দরমহলের ছবি সামনে আসতেই চোখ কপালে জোগাড়। খাবারের মান নিয়ে উঠছে প্রশ্ন। 

শুক্রবার দুর্গাপুরের একের পর এক হোটেলে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। আর সেই অভিযানে কোথাও মাখন থেকে বেরচ্ছে দুর্গন্ধ, কোথাও আবার রান্নাঘরে পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি। শুধু তাই নয়, হোটেলের ফ্রিজের ভিতরে দিনের পর দিন জমিয়ে রাখা হয়েছে পুরনো গ্রেভি। উদ্ধার হয়েছে বাসি মুরগির মাংস-সহ নানা ধরনের খাবারও। অর্থাৎ, যে খাবার পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের পাতে, তার গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। অভিযান চলাকালীন হোটেলগুলির রান্নাঘরের অপরিচ্ছন্নতাও নজরে আসে আধিকারিকদের। খাবার রাখার ক্ষেত্রে নিয়ম না মানা এবং বিভিন্ন মশলা ও খাদ্যসামগ্রীর মেয়াদ সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। খাবার রাখার নির্দিষ্ট নিয়ম থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই নিয়মভঙ্গের অভিযোগে একাধিক হোটেলকে জরিমানা করেছে খাদ্য সুরক্ষা দপ্তর।

পাশাপাশি সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে সতর্কও করা হয়েছে। তবে শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ করতে নারাজ দপ্তর। শহরের বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় নিয়মিত নজরদারি এবং লাগাতার অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ বলেন, “হোটেলগুলিতে নিয়ম মেনে খাবার রাখা হচ্ছে না। বাসি, পচা খাবার রাখা হচ্ছে। সেই সব খাবার খেলে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। তাই আমাদের লাগাতার অভিযান চলছে। আমরা সতর্ক করছি। জরিমানা করছি।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language