একসময় বিগ বসের ঘরেই কত খুনসুটি। বাকবিতণ্ডা। এখন সেখান থেকে বিদায় নিয়েছে নন্দিনী। আর তাতেই মন ভালো নেই রাজবীরের। দীপাবলিতেও মনমরা হয়ে বসে রইলেন ‘রোমিও’। বিগ বসের কাছ থেকে পাওয়া উপহার ‘বাবুসোনা’ নন্দিনীকে পাঠালেন রাজবীর। এদিকে, নিজের বাড়িতে দীপাবলি উদযাপনে মাতোয়ারা নন্দিনীও।
বিগ বসের ঘরে রাজবীরকে মারধর করেছিলেন নন্দিনী। তাই গত শনিবারই তাঁকে বিদায় জানিয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। হাজার কান্নাকাটি করলেও সিদ্ধান্ত বদলায়নি তাঁর। মুম্বই থেকে কলকাতায় ফিরে নিজের দোষ কবুল করে নিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, সীমা লঙ্ঘন করা উচিত হয়নি তাঁর। আপাতত নিজের পরিবার নিয়ে মেতে রয়েছেন নন্দিনী। রবিবার দীপাবলির সন্ধ্যার টুকরো ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
এদিকে, বিগ বসের ঘরে সব প্রতিযোগীদের মাঝেও যেন একা রাজবীর। আগের মতো আর প্রাণোচ্ছল নন তিনি। নন্দিনীর অনুপস্থিতি যে তাঁর মনে বেশ ভালো দাগ কেটেছে, তা আচরণেই স্পষ্ট। দীপাবলিতে আবার বিগ বসের তরফে প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হয়। নিজের উপহার হাতে নিয়ে স্টোর রুমে চলে যান রাজবীর। সেখানে বাক্সের গায়ে লেখেন, ‘প্রিয় বাবুসোনা’। দীপাবলিতে বিগ বসের থেকে পাওয়া উপহার নন্দিনীর সঙ্গে ভাগ করে নেন নন্দিনী। ওই পর্ব দেখে নন্দিনীর কী প্রতিক্রিয়া, তা অবশ্য এখনও কিছু জানা যায়নি। এদিকে, সঞ্চালক সৌরভ আবার রাজবীরকে সম্পর্কের পাঠ দেন। সৌরভ বলেন, “শোনো, রাজবীর একটু দূরত্ব থাকা ভালো। দু’জন ভালোবাসার মানুষের মধ্যে দূরত্ব থাকলে ভালোবাসা বাড়ে।” সৌরভের কথা শুনে মুচকি হাসেন রাজবীর। মাথা নেড়ে পরামর্শ মেনে নেন। সবমিলিয়ে দীপাবলির সন্ধ্যায় বিগ বসের অন্দরমহলে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়।
