সালটা ১৯৪৭। গোটা দেশ তখন জ্বলছে সাম্প্রদায়িক হিংসার আগুনে। যার আঁচ এসে পড়ে লাহোরে অবস্থিত শিখদের পবিত্র গুরুদ্বার ‘ছেভি পাতশাহি শ্রী গুরু হরগোবিন্দ সাহিবে’। দেশভাগের রক্ত গায়ে মেখে এতদিন বন্ধ ছিল পবিত্র সেই গুরুদ্বার। দীর্ঘ ৭৯ বছর পর অবশেষে খুলে গেল শিখদের পবিত্র এই তীর্থস্থান। এত বছর বন্ধ থাকার পর সংস্কার শেষে রবিবার তা খুলে দেওয়া হল।
লাহোরের টেম্পল রোডে অবস্থিত এই গুরুদ্বারের পুনরায় উদ্বোধন উপলক্ষে শিখ ধর্মীয় রীতি মেনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের বহু সদস্য। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু মন্ত্রী এবং পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি রমেশ আরোরা, ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) সচিব নাসির মুশতাক-সহ অন্যান্য আধিকারিকরা। রমেশ আরোরা বলেন, “ঐতিহাসিক এই উপাসনালয়ের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখন থেকে শিখ সম্প্রদায়ের মানুষ এখানে ধর্মীয় উপাসনা করতে পারবেন।” তিনি আরও জানান, “পাকিস্তান জুড়ে ৫০টিরও বেশি গুরুদ্বারের সংস্কারের কাজ চলছে। শিখ ধর্মীয় ঐতিহ্য রক্ষা এবং তীর্থযাত্রীদের সুবিধার জন্যই এই উদ্যোগ।” এছাড়া নাসির মুশতাক বলেন, “এই গুরুদ্বারের সংস্কার এবং পুনরায় খুলে দেওয়ার উদ্দেশ্য হল শিখ সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার পালন করতে পারেন। লাহোরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।”
শিখদের ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, দেশভাগের সময়কার হিংসায় এই গুরুদ্বার রক্ষা করতে গিয়ে শিখ সম্প্রদায়ের বহু সদস্য প্রাণ হারিয়েছিলেন।
জানা যাচ্ছে, ষষ্ঠ শিখ গুরু, গুরু হরগোবিন্দ (১৫৯৫-১৬৪৪) শিখ সম্প্রদায়ের মানুষের কাছে যোদ্ধা ও সন্ত হিসেবে পূজিত। ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি শিখ সম্প্রদায়কে সংগঠিত করেছিলেন। এছাড়াও এই গুরুদ্বারটি ভাই বিধি চাঁদের সঙ্গেও সম্পর্কিত। তিনি ছিলেন শিখ ধর্ম প্রচারক এবং সেনাপতি। তৎকালীন মুঘল শাসকের বাজেয়াপ্ত করা ঘোড়া ফিরিয়ে আনতে তিনি দু’বার লাহোরে এসে এখানে ছিলেন। ভক্তরা ওই ঘোড়াগুলো গুরু হরগোবিন্দ সাহিবকে অর্পণ করতে এনেছিলেন। স্থানীয় শিখ সংগঠন ১৯১৫ সালে গুরুদ্বারের হলঘরটি সম্প্রসারিত করে। ১৯২১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক মহন্ত হরি সিং-এর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠার পর সঙ্গত এর পরিচালনার দায়িত্ব নেয় এবং একটি কমিটি গঠন করে। ১৯২৭ সালে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) এই উপাসনালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয়। গুরুদ্বারের মূল ভবনটি মহারাজা রঞ্জিত সিং-এর আমলের বলে মনে করা হয়।
শিখদের কাছে অত্যন্ত পবিত্র এই গুরুদ্বারে নিয়মিত উপাসনা বন্ধ হয়ে যায় ১৯৪৭ সালে দেশভাগের পর। শিখদের ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, দেশভাগের সময়কার হিংসায় এই গুরুদ্বার রক্ষা করতে গিয়ে শিখ সম্প্রদায়ের বহু সদস্য প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে বন্ধ হয় এটি। দীর্ঘ ৭৯ বছর পর অবশেষে তা খুলে যাওয়ায় খুশি শিখ সম্প্রদায়ের মানুষরা।
