রাতেই খবর গিয়েছিল বাড়িতে। এক কাপড়েই হাসপাতালে দৌড়ে গিয়ে জানতে পেরেছিলেন, একমাত্র ছেলে আর নেই! রবিবার গভীর রাতে বিহারে পালানোর সময় পুলিশের এনকাউন্টারে নিহত দিলীপ রায়। কোন দোষে অপরাধী, কেন পুলিশের গুলিতে ছেলেকে মরতে হল, প্রতিবেশীদের কাছে সব শুনেছেন। তাই নিজের একমাত্র সন্তানকে আর শেষ দেখাও দেখতে চান না দিলীপের মা। নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত সন্তানের মৃত্যুর যন্ত্রণা সরিয়ে চানিয়া রায় বললেন, ‘ওমন পাপী ছেলে না থাকাই ভালো, শ্মশানেও যাব না।’
চানিয়া রায়ের কথায়, “অমন ছেলে না থাকাই ভালো। একটা পাপী ছেলে। এমন ঘটনা ঘটিয়েছে, গ্রামে আর মুখ দেখানোর অবস্থা নেই। চলে গেছে ভালো হয়েছে। এটাই চাই।” দিলীপ তাঁর একমাত্র ছেলে বলেই দাবি করেন তিনি। তিনি বলেন, “বহু ছোট থেকেই ও বাড়ি ছাড়া। আমাদের দেখত না। কোনওরকমে কষ্টেসৃষ্টে দিন চলে। ওর বাবারও বয়স হয়েছে। আমাদের দিকে কোনওদিন ফিরেও তাকায়নি।”
ঘটনার পর থেকে থমথম গোটা এলাকা। গ্রামে পুলিশ ঘুরছে। ভয়ে অনেকে ঘরের বাইরে পা রাখছেন না। ঘটনাস্থল থেকে বহূদূরে হলেও দিলীপের গ্রামে গ্রাস করেছে এক অজানা নিস্তব্ধতা। এমন ছেলের কথা বলতে গিয়ে প্রতিবেশীরা পর্যন্ত লজ্জায় মুখ লুকোচ্ছেন। গ্রামের লোকেরা বলছেন, দিলীপের বিরুদ্ধে এমন অভিযোগ নাকি নতুন নয়। অভিযোগ, বছর ষোলো আগেও নাকি নিজেরই এক আত্মীয়ের ৬ বছরের মেয়েকে শারীরিক নির্যাতন করেছিলেন দিলীপ। সে সময় গ্রামে ঢি ঢি পড়ে গিয়েছিল। পাড়া প্রতিবেশীরা তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধরও করেছিলেন। সেই সময় অন্যায়ের খেসারত হিসেবে মায়ের ১ কাঠা জমি বিক্রি করে নাবালিকার পরিবারকে দিয়েছিল দিলীপ। ১৬ বছর পর সেই অপরাধ আবারও ফিরল! এবার প্রতিবেশী এক ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত দিলীপ রায়। এলাকাবাসীরা বলছেন, “এমন অপরাধের ক্ষমা হয় না। যা হয়েছে ভালো হয়েছে। এমনই শাস্তি হওয়াই উচিত ছিল ওর।” দিলীপের মায়ের মুখেও একই কথা। ছেলে হারানোর যন্ত্রণাকে ছাপিয়ে গিয়েছে অপরাধ। চানিয়া রায়ের কথায়, “অমন ছেলে না থাকাই ভালো। একটা পাপী ছেলে। এমন ঘটনা ঘটিয়েছে, গ্রামে আর মুখ দেখানোর অবস্থা নেই। চলে গেছে ভালো হয়েছে। এটাই চাই।” দিলীপ তাঁর একমাত্র ছেলে বলেই দাবি করেন মা। তিনি বলেন, “বহু ছোট থেকেই ও বাড়ি ছাড়া। আমাদের দেখত না। কোনওরকমে কষ্টেসৃষ্টে দিন চলে। ওর বাবারও বয়স হয়েছে। আমাদের দিকে কোনওদিন ফিরেও তাকায়নি।”
জানা গিয়েছে, গত মঙ্গলবার পাশের বাড়ির ১২ বছরের এক নাবালিকাকে কুলিক নদী দেখাতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের করে ওই অভিযুক্ত। তারপর থেকেই ওই নাবালিকার খোঁজ পাচ্ছিল না পরিবার। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গলে তার দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, বনদপ্তরের ঘেরা ওই জঙ্গলেই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালায় দিলীপ রায়। ঘটনার খবর ছড়াতেই দিলীপ রায় কার্যত উবে গিয়েছিলেন এলাকা থেকে। সূত্রের খবর, অভিযুক্ত দিলীপ রায়ের আদি বাড়ি ঝাড়খণ্ডে। পুলিশ জানতে পারে, সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় পাড়ারপুকুরের রাস্তা ধরে বিহারের তারাপুরে পালানোর ছক করেছিল দিলীপ। রবিবার রাত ২টো নাগাদ অভিযানে নামতেই দিলীপ রায়কে ঘিরে ফেলে পুলিশ। সেই মুহূর্তেই নিজের পকেট থেকে বন্দুক বের করে পুলিশকে তাক করে গুলি চালাতে থাকে সে। যাতে পুলিশ এগোতে না পারে, গাড়ির চাকায় গুলি চালানো হয় পরপর। রায়গঞ্জের গৌরি পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধে পুলিশের পাল্টা গুলিতে খতম দিলীপ রায়।
