কালী প্রতিমার বিসর্জনের উন্মাদনা বদলে গেল শোক আবহে। নিরঞ্জনের পথে আলোর জন্য জেনারেটর ভাড়া করা হয়েছিল। অসাবধানতাবশত, সেই জেনারেটরেই এক তরুণীর মাথার চুল আটকে যায়। কিছু সময়ের মধ্যেই মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। মৃতার নাম দিয়া সরকার। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ওই তরুণীর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গতকাল, শুক্রবার তাহেরপুরের বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির কালী প্রতিমার বিসর্জন ছিল। সেই বিসর্জন ঘিরে লোকজনের মধ্যে আবেগ, উন্মাদনাও ছিল। ওই এলাকাতেই বাড়ি ১৮ বছর বয়সী দিয়া সরকারের। সে বাপুজি নগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। প্রতিমা নিরঞ্জনে অন্যান্যদের সঙ্গে দিয়াও গিয়েছিল।
প্রতিমা নিরঞ্জনের পথে আলো জ্বালানোর জন্য জেনারেটর ভাড়া করা হয়েছিল। বিসর্জনের পথে সেই জেনারেটরেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। জেনারেটর চলছিল, সেটির পাশ দিয়ে যাওয়ার সময় দিয়ার মাথার চুল জড়িয়ে যায় বলে অভিযোগ। জেনারেটের বেল্টের তারে জড়িয়ে যাওয়া ওই তরুণীর মাথা সজোরে আঘাত লাগে। নিমেষে রক্তাক্ত হয়ে পড়েন তিনি। ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন লোকজন। কোনওরকমে সেই জেনারেটর বন্ধ করে রক্তাক্ত ওই তরুণীকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় তাহেরপুর থানায়।
পুলিশ এসে ওই তরুণীকে পরীক্ষা করে জানিয়ে দেয় ঘটনার পরই মৃত্যু হয়েছে তরুণীর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উৎসবের আনন্দ নিমেষে ম্লান হয়ে যায় এলাকায়। মেয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নার রোল উঠেছে। শোকে পাথর বাবা-মা।
