Hashtagintro

খুনের পর পোশাক পালটেই দিল্লি পালায় অভিযুক্ত ধরমবীর! দফায় দফায় অভিযুক্তকে জেরা পুলিশের

খুনের আগে দক্ষিণেশ্বরের হোটেলে আশ্রয়। বরানগরের ফ্ল্যাটে তরুণীকে খুনের পর ফের সেই হোটেলেই ফেরা। পোশাক বদলে বালি ও হাওড়া হয়ে দিল্লির ট্রেন ধরা। বরানগরে তরুণী খুনের ঘটনায় ধৃত ধরমবীর কুমারের গতিবিধিতে পালানোর আগাম পরিকল্পনার ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতে দিল্লির আনন্দবিহার স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দিল্লির আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর হওয়ার পর আজ, শনিবার ধৃতকে কলকাতায় নিয়ে আসা হয়। তোলা হয় আদালতেও। 

পুলিশ সূত্রে খবর, বছর দেড়েক আগে যক্ষ্মায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই বন্দি হয়ে পড়েছিলেন তরুণী। সেই সময় অনলাইন গেমের সূত্রে ধরমবীরের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা।

তদন্তে জানা গিয়েছে, সোমবার ট্রেনে দক্ষিণেশ্বরে পৌঁছে একটি হোটেলে ওঠে ধরমবীর। পরদিন দুপুরে তরুণী বরানগরের শীতলামাতা লেনের ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় সে। প্রথমে ভুল করে পাশের বহুতলে ঢুকলেও পরে ফোনে কথা বলতে বলতে হাতের ইশারায় সঠিক ফ্ল্যাট চিনিয়ে দেয় তরুণী। বিকেল চারটের পর বৃষ্টির মধ্যেই একা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় ধরমবীর। তারপর আর তরুণীকে বাইরে আসতে দেখা যায়নি। এরপর ফের দক্ষিণেশ্বরের সেই হোটেলে ফিরে পোশাক বদলায় অভিযুক্ত। সেখান থেকে বালি হয়ে হাওড়া স্টেশনে পৌঁছে দিল্লিগামী ট্রেনে ওঠে।

সূত্রের দাবি, যাত্রাপথেই মাঝেমধ্যে তরুণীর মোবাইল চালু ও বন্ধ করেছে সে। ওই ফোন থেকেই তরুণীর বাবা ও মামাতো দাদাকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছিল। নিজের মোবাইল থেকেও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছিল ধরমবীর। পুলিশ সূত্রে খবর, বছর দেড়েক আগে যক্ষ্মায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই বন্দি হয়ে পড়েছিলেন তরুণী। সেই সময় অনলাইন গেমের সূত্রে ধরমবীরের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। কিন্তু সেই সম্পর্কের পরিণতি খুনে কেন? গেমিংয়ের টাকা নিয়ে বিবাদ, না কি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন? খুনের সময় ফ্ল্যাটে ধরমবীর একাই ছিল, না কি অন্য কেউও উপস্থিত ছিল? ঘটনার পিছনে আর কারও মদত ছিল কি না, সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language