Hashtagintro

নব্যদের দুর্নীতি নিয়ে সরব হতেই প্রাক্তন বিধায়ককে মার! বিজেপির ‘গোষ্ঠীকোন্দলে’ উত্তেজনা গোঘাটে

দুর্নীতি, দলের মধ্যে গোষ্ঠীকোন্দল বরদাস্ত হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। এদিকে রাজ্যে পালাবদলে ৪ মে-র পর থেকে নিচুতলায় তৃণমূল থেকে বিজেপিতে লোকজন ঠাই নিচ্ছেন বলে অভিযোগ। পুরনো ও নতুন বিজেপির মধ্যে সংঘাতও দেখা যাচ্ছে বলে অভিযোগ। বিজেপির গোষ্ঠীকোন্দল ঘিরে এবার উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে। শুধু তাই নয়, গোঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিশ্বনাথ কারক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে তাঁকে হেনস্থা করা হল! ঘটনা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।

শুক্রবার বিকেলে গোঘাটের সাওড়া পঞ্চায়েতে সরকারি একটি অনুষ্ঠানে বিজেপি কর্মীরা জড়ো হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারকও। প্রাক্তন বিধায়ক অভিযোগ করেন, ৪ মে-র পর যারা বিজেপি করছে, তারা পঞ্চায়েতে তোলাবাজি-দুর্নীতি করছে। সেই বক্তব্যের পরই উত্তেজনা ছড়িয়েছিল। অনুষ্ঠান শেষে পঞ্চায়েত দপ্তরের বাইরেই বিজেপি কর্মীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়! শুধু তাই নয়, প্রাক্তন বিধায়ককেও মারধর, হেনস্থা করা হয় বলে অভিযোগ।

প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক দাবি করেছেন, দুর্নীতির প্রতিবাদ করায় এই হামলা, হেনস্থা। তাঁর আরও দাবি, নব্য বিজেপির নেতা-কর্মীরা এই কাজ করেছেন। এমনকী প্রাক্তন বিধায়ক অনুগামীদের ঘরে ভাঙচুর করা হয়েছে! যদিও এইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তাঁদের পালটা বক্তব্য, “আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সাওড়ায় পরিবর্তন করেছি। বিধানসভা নির্বাচনের আগে প্রচার থেকে মিটিং মিছিলে প্রাক্তন বিধায়ককে দেখা যায়নি। এখন দল ক্ষমতায় আসতেই উনি প্রভাব বিস্তার করতে চাইছেন। বিরোধী দলের লোকজন জড়ো করে সাওড়াকে উত্তপ্ত করতে চাইছেন। ওকে কেউ মারধর করেনি।”

ঘটনায় এলাকায় চাপয়া উত্তেজনা ছড়ায়। গোঘাট থানায় দু’পক্ষই অভিযোগ জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারের ঘটনার জন্য বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার তৃণমূল ও সিপিএমকেই দায়ী করেছেন। যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, এর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language