Hashtagintro

শান্তিনিকেতনে পুলিশকে গুলি করা রতন শেখের নামে ১২টির বেশি মামলা, খুঁজছে ৪ থানার পুলিশ

শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে জখম পুলিশ কর্মী। জখম ওই পুলিশ কনস্টেবল এখন বর্ধমান জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল, শুক্রবার পুলিশ কর্মীকে গুলিতে জখম করার পরেই পলাতক ওই দুষ্কৃতী রতন শেখ। তার খোঁজে বোলপুর, কীর্ণাহার, নানুর, শান্তিনিকেতন- এই চার থানার পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। কোনওভাবে যাতে ওই দুষ্কৃতী বাইরে পালাতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন-সহ জাতীয় সড়কেও তল্লাশি চালানো হচ্ছে। হোটেলগুলিতেও নজরদারি চলছে বলে খবর। কোনও জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে রতন। এমনই মনে করছেন পুলিশ আধিকারিকরা। গতকালের ঘটনার পর থেকে জেলা পুলিশের তরফ থেকে বিশেষ তদন্তকারী একটি দল গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতন শেখ কুখ্যাত দুষ্কৃতী। নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানায় তার বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা রয়েছে। চুরি, ডাকাতি ও মাদক কারবারে দীর্ঘ সময় ধরে জড়িত রতন। এই কুখ্যাতের বাড়ি নানুর থানার সাতরা গ্রামে। তবে গ্রামের বাড়িতে দীর্ঘ সময় ধরেই সে থাকে না। পুলিশের নজর থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় ঘাঁটি জমায় কিছু কিছু দিনের জন্য। পুলিশ এই কুখ্যাতকে দীর্ঘদিন ধরেই খুঁজছে।

গতকাল, সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, রতন শান্তিনিকেতনের লাইক বাজারে রয়েছে। তাকে ধরতেই সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউট পোস্ট থেকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। সেসময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় রতন। তাঁর পায়ে গুলি লাগতেই চারদিকে আতঙ্ক ছড়ায়। সেই সুযোগে পালিয়ে যায় রতন। জখম কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৭.৫ এমএম গুলির খোল উদ্ধার হয়েছে। ওই বন্দুক থেকেই গুলি চলেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। রাত থেকেই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। জেলা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত দুষ্কৃতীকে পাকড়াও করা হবে। সব দিকে কড়া নজরদারি রয়েছে। কিছুদিন আগেই বিজেপি নেতা বোলপুরে খুন হয়েছিলেন। এবার খোদ পুলিশ কর্মীকে গুলি করা হল। লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা জানিয়েছেন, বোলপুরে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। অবিলম্বে পুলিশ-প্রশাসনকে এইসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language