জনগণনার পর্ব মিটলেই বর্ধমান পুরসভাকে কর্পোরেশন করার উদ্যোগ। ২০২৭ সালে জনগণনার পর্ব মেটার কথা। ফলে সামনের পুরভোটের আগে বর্ধমান কর্পোরেশন হওয়ার সম্ভাবনা। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বর্ধমানে এক কর্মসূচিতে এসে এমনটাই ইঙ্গিত দিয়েছন। পাশাপাশি, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে আম্রুত প্রকল্পে পূর্বতন তৃণমূল সরকার ও পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন পুরমন্ত্রী। তবে সামনের বছর থেকে কেন্দ্রীয় সরকারের আম্রুত-৩ প্রকল্প চালু হচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকার দুর্নীতি কোনও ভাবেই বরদাস্ত করবে না বলে সাফ জানান মন্ত্রী।
পুরমন্ত্রী বলেন, ”মন্ত্রী মৌমিতা দি আমাকে আবেদন পাঠিয়েছেন। কিন্তু যতক্ষণ না সেন্সাস বা জনগণনা শেষ হচ্ছে, ততক্ষণ সারা পশ্চিমবাংলায় কোথাও মানে এই কনভার্সনটা হবে না। ওটার একটা নিয়ম আছে।”
তৃণমূল জমানায় বর্ধমান পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা সবটাই আলোচনার পর্যায়ে থেকে গিয়েছে। পালাবদলের পর বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পুর ও নগরোন্নয়ন দপ্তরে এই বিষয়ে আবেদন জানান। সেই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, ”মন্ত্রী মৌমিতা দি আমাকে আবেদন পাঠিয়েছেন। কিন্তু যতক্ষণ না সেন্সাস বা জনগণনা শেষ হচ্ছে, ততক্ষণ সারা পশ্চিমবাংলায় কোথাও মানে এই কনভার্সনটা হবে না। ওটার একটা নিয়ম আছে। সেন্সাস শেষ হলে তবেই পঞ্চায়েতকে মিউনিসিপালিটি করা বা কোনও মিউনিসিপালিটিকে কর্পোরেশন করা সম্ভব। এটা সবসময় সেন্সাসের পরেই হয়।” আগামী ফেব্রুয়ারির মধ্যে সেন্সাস মিটে যাবে। মন্ত্রীর কথায় আশায় বুক বাঁধছে বর্ধমান।
বর্ধমান পুরসভা সাড়ে তিনশো কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প হাতে নিয়েছিল। এক যুগ আগে বাড়ি বাড়ি জল সরবরাহের প্রকল্পের কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি কাজ। ইতিমধ্যে আম্রুত-২ প্রকল্প চালু হয়। বর্ধমান পুরসভা সময়ে কাজ শেষ করতে না পারা ও বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে না পারার অভিযোগ উঠেছে পুরসভার বিরুদ্ধে। এমনকী অনেক ট্যাপ কলে কালো, ঘোলা, নোংরা জল বেরয় বলেও অভিযোগ। সেই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাড়ি বাড়ি আম্রুতের পানীয় জল পৌঁছে দেওয়া। বিগত সরকার কোটি কোটি টাকা পেলেও বাড়ি বাড়ি জল পৌঁছয়নি। কী হয়েছে গত ১ বছরে তা সকলেই জানেন। এখন আম্রুত-২ চলছে। সামনের জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আম্রুত-৩ শুরু হবে। প্রতিটি বাড়িতে যাতে জল পৌঁছে দিতে পারি সেটা নিশ্চিত করা হবে। মানুষের টাকায় কাজ হবে। তার যাতে অপচয় না হয় সেটাও নিশ্চিত করা হবে।” তৃণমূল জমানায় এই সব কাজে যেসব দুর্নীতি হয়েছে তা কারও অজানা নয়। এখন আর সেইসব চলবে বলে পুরমন্ত্রী সাফ জানিয়েছেন।