Hashtagintro

একবছরের ব্যবধানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির ডিগ্রি! স্ক্যানারে কলকাতার চিকিৎসক

এক চিকিৎসকের জোড়া ডিগ্রি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি, চিকিৎসার দুই পৃথক ধারায় ডিগ্রি অর্জন করে দুই কাউন্সিলেই নাম নথিভুক্ত করিয়েছেন কলকাতার ওই চিকিৎসক। অভিযোগ, দুই ডিগ্রি অর্জনের সময়ের ব্যবধান মাত্র এক বছর। বর্তমানে কলকাতায় ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করা ওই চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য ভবন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অন্দরে।

নথি অনুযায়ী, ২০০১ সালে হোমিওপ্যাথিতে ডিএইচএমএস ডিপ্লোমা অর্জনের পর রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিলে নাম নথিভুক্ত করেন ওই চিকিৎসক। এর পরের বছর, ২০০২ সালে এমবিবিএস পাশ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও রেজিস্ট্রেশন করান তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মাত্র এক বছরের ব্যবধানে কীভাবে দুই পৃথক চিকিৎসা শাখার এই দুই ডিগ্রি অর্জন সম্ভব হল? কীভাবেই বা দুই কাউন্সিলে তাঁর রেজিস্ট্রেশন সম্পন্ন হল? বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠেছে চিকিৎসক মহলে।

ইতিমধ্যেই রাজ্যে ভুয়ো চিকিৎসক ও জাল শংসাপত্রের অভিযোগ সামনে আসায় চিকিৎসকদের যোগ্যতা যাচাইয়ে বড়সড় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার নথিভুক্ত অ্যালোপ্যাথি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশন খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, সন্দেহজনক ডিগ্রি বা জাল শংসাপত্র নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এমন আরও ব্যক্তি রাজ্যে থাকতে পারেন। সেই কারণেই রেজিস্ট্রেশন নম্বর ধরে পুনরায় যাচাই এবং ক্রস-চেকের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের ১.১০ লক্ষ নথিভুক্ত অ্যালোপ্যাথি চিকিৎসকের বৈধতা যাচাইয়ের মাধ্যমেই ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করা সম্ভব হবে। এদিকে জালিয়াতির বিরুদ্ধে সরব অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক ডা. রাজীব পাণ্ডে। তাঁর বক্তব্য, এক বছরের ব্যবধানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির দুই পৃথক ডিগ্রি অর্জনের বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। কীভাবে এমনটা সম্ভব হল, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language