Hashtagintro

‘একটা ভুয়ো বোলার, তাও এতদিন খেলল’, শামির দলবদলের গুঞ্জনের মধ্যেই বিস্ফোরক বিশ্বজয়ী

আইপিএলে রিটেনশনের শেষ দিন। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই দল গুছিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। মিনি অকশনের আগে ট্রেডিংয়ে এবার ‘হটকেক’ ছিলেন পেসাররা। অর্শদীপ সিং পাঞ্জাব থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। দলবদলের বাজারে চর্চায় রয়েছেন মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাটের মতো পেসাররাও। তার মধ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন ১৯৮৩র বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সাফ দাবি করলেন, এক পেসারের বোলিং একেবারে ভুয়ো। সেই ভুয়ো বোলিং নিয়েই দিনের পর দিন খেলে গিয়েছেন তিনি।

দিন কয়েক আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন শামি। এবার আইপিএলে নতুন দল পাওয়া প্রায় নিশ্চিত তাঁর। গত মরশুমে বাংলার পেসারকে ১০ কোটি টাকায় কিনে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। এবার শামিকে ট্রেড করা হতে পারে রাজস্থান রয়্যালসে। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউয়ে আসেন শামি। ১৩ ম্যাচে ১২ উইকেট তোলেন। ইকোনমি ছিল ৯। বেশ সাদামাটা পারফরম্যান্স। একবছরেই মোহভঙ্গ হতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দলের।

আরও শোনা যাচ্ছে, আইপিএলে দু’বারের পার্পল ক্যাপজয়ী হর্ষল প্যাটেল অনেক কম অর্থে হায়দরাবাদ থেকে গুজরাট টাইটান্সে যাচ্ছেন। তবে কাব্য মারানের দল এখনও পর্যন্ত জয়দেব উনাদকাটকে দলে রেখেছে। সেই সিদ্ধান্তেই অবাক শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলছেন, “ওরা উনাদকাটকে কেন এখনও দলে রেখে দিয়েছে, সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। ওর বোলিংটা একেবারে ভুয়ো। সেই নিয়েই এতদিন খেলে গেল। আমার মনে হয় হায়দরাবাদের প্রথম একাদশে ওর জায়গা হওয়া উচিত নয়। তবু বুড়ো ঘোড়া বলে হয়তো ওকে আবার রেখে দেওয়া হবে।”

বিশ্বজয়ী ব্যাটার মনে করছেন, প্রায় অর্ধেক দামে গুজরাটে যাওয়া হর্ষলকেও প্রথম একাদশে রাখা হবে না। কিন্তু কেউ ছিটকে গেলে তিনি ভালো বিকল্প। হায়দরাবাদের তরুণ তুর্কি জিশান আনসারিকে দিল্লির টি নটরাজনের সঙ্গে ট্রেড করা হতে পারে। সেই সিদ্ধান্তেও খুশি নন শ্রীকান্ত। তাঁর মতে, উনাদকাট এবং নটরাজনের মধ্যে কোনও পার্থক্য নেই। কারণ এই ক্রিকেটাররা শুধু আইপিএল খেলেন। বাকি বছর ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁদের। উল্লেখ্য, মঙ্গলবারই রিটেনশনের শেষ দিন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language