তৃণমূল এবং সিপিএম কি কাছাকাছি আসছে? দুই দলের জোট হওয়া কি আদৌও সম্ভব?
এ মুহূর্তে এর উত্তর না পাওয়া গেলেও এমন জোট ভবিষ্যতে অসম্ভব কিছু নয়! কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় ‘চিরশত্রু’ বলে কিছু নেই। একমাত্র লক্ষ্য যদি হয় ‘ক্ষমতা’ দখল, তখন ‘নীতি’ অথবা ‘আদর্শ’ মূল্যহীন। তৃণমূল তো বটেই, সিপিএম-ও বারবার সেটা প্রমাণ করেছে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের নির্বাচনী জোট হবে– তা কি কল্পনা করা গিয়েছিল আট-নয়ের দশকে!
সংসদীয় রাজনীতিতে দু’টি পক্ষ থাকে। শাসক বনাম বিরোধী। ভারতে কালক্রমে আঞ্চলিক দলগুলি শক্তিশালী হয়ে ওঠায় একদলীয় আধিপত্য ভেঙে জোট রাজনীতি অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ফলত, দেশে এখন দু’টি জোট। বিজেপির নেতৃত্বে এনডিএ, কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডিয়া’। প্রায় ৬০-৬৫টি ছোট-বড় দল দু’-পক্ষের জোটে। ‘তৃতীয় পক্ষ’ বলে কিছু নেই। কংগ্রেস ও বিজেপির সঙ্গে ‘সমদূরত্ব’ তত্ত্ব খাড়া করে ‘তৃতীয় বিকল্প’-র কথা এক সময় বলত বামেরা। পরে তৃণমূলও আঞ্চলিক দলকে এক করতে চেয়েছিল। এখন দু’টি দলই শক্তি হারিয়েছে। ফলে দেশে কোনও তৃতীয় পক্ষ নেই। কংগ্রেসের নেতৃত্ব মেনেই তৃণমূল এবং সিপিএম জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’-তে রয়েছে। তবে রাজ্যে এত দিন অহি-নকুল সম্পর্ক থাকায় জোটের পরিস্থিতি ছিল না। বিজেপি বাংলায় ক্ষমতায় বসতেই সমীকরণ বদলেছে। সরকারের বিরুদ্ধে একসুরে কথা বলছেন বাম ও তৃণমূল নেতারা। এক্ষেত্রে ‘তৃণমূল’ বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। বিধানসভায় ‘তৃণমূল’ নামক সংখ্যাগরিষ্ঠ যে-অংশ রয়েছে, তারা আসলে বিজেপি সরকারের পরোক্ষ সমর্থক। হাউজে তাঁর পাশে ২৭৫ জন বিধায়ক আছে বলে মুখ্যমন্ত্রী সেটা স্পষ্ট করে দিয়েছেন।
যাই হোক, ভোটে হারের পর বাংলাতেও ‘ইন্ডিয়া’ জোট গড়ার প্রস্তাব দেন মমতা। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট তা খারিজ করে দেয়। বাম নেতারা বুঝতে পারছেন ৪ শতাংশ ভোট নিয়ে ৪১ শতাংশের দলনেত্রীর আঁচল ধরলে তাঁদের লাভ বই ক্ষতি হবে না। কিন্তু তাঁরা অপেক্ষা করছেন দু’টি কারণে– এক, এখনই মমতার সঙ্গে জোট পার্টির নিচুতলা মানবে না। মমতা একদা তাদের ক্ষমতাচ্যুত করেছিলেন। সেই ক্রোধ এত দ্রুত যাবে না। তাছাড়া, গত ১৫ বছর তৃণমূলের মার খেতে হয়েছে। বিজেপির দোহাই দিয়ে হঠাৎ করে জোট বললেই ‘জোট’ হয় না। সময় দিতে হয়।
যদি সিপিএম নেতারা অভিযোগ করেন বিজেপিকে বাংলায় এনেছিলেন মমতাই, তাহলে এই ইতিহাসও অস্বীকার করার উপায় নেই যে, রাজীব গান্ধীকে সরিয়ে ভি. পি. সিং-কে প্রধানমন্ত্রী করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাতে হাত মিলিয়েছিল সিপিএম এবং বিজেপি।
দুই, সংখ্যালঘু ভোট নিয়ে অঙ্ক কষছে সিপিএম। ভোটে হারের পর মমতার দলে বড় ভাঙন হয়েছে। সংখ্যালঘু বিধায়কদের বড় অংশ কালীঘাট ছেড়ে ঋত-শিবিরে। লোকসভায় তিনজন সংখ্যালঘু সাংসদ এনসিপিআইয়ের ভেলায়। ফলে মমতার মুলসিম ভোটব্যাঙ্ক খানিকটা হলেও নড়বড়ে। সিপিএম চাইছে সেই ভোট নিজেদের ঘরে ফেরাতে। সামনে পুরভোট। পরীক্ষার সুযোগ। তদুপরি সিপিএম নেতারা ভাল করেই জানেন, আজ নয় কাল, বাম, কংগ্রেস ও তৃণমূলের জোট বাঁধতেই হবে নিজেদের অস্তিত্বের স্বার্থেই। বিজেপি ছয় মাসে যেভাবে চলছে, তাতে সিপিএম শঙ্কিত। তৃণমূল নেতাদের ডিম ছোড়া হচ্ছিল বলে প্রথমে খুব মজা পাচ্ছিলেন কমরেডরা। এখন বিকাশ ভট্টাচার্যর বাড়িতে বোতল পড়ছে। বইয়ের স্টলে বুলডোজার চলছে। ১৫ বছর তৃণমূল জমানায় আর যাই হোক, স্টল থেকে বই রাস্তায় আছড়ে কেউ ফেলেনি।
ভোট আসলে যুদ্ধ। নির্বাচন যুধিষ্ঠিরের সত্য সন্ধান নয়, অর্জুনের লক্ষ্যভেদ। ‘মেঘনাদ বধ কাব্য’-এ মাইকেল মধুসূদন দত্তর অমর উক্তি– ‘মারি অরি, পারি যে কৌশলে।’ অর্থাৎ যে কোনও কৌশলে শত্রুকে বিনাশ করতে হবে। দু’টি দলের আদর্শ না মিললেও লক্ষ্য যদি মিলে যায়, তাহলে জোট হয়। সংসদীয় রাজনীতিতে ভারতীয় নেতানেত্রীরা বারবার দেখিয়ে দিয়েছেন, ভোটের জন্য যখন যেমন, তখন তেমন নীতি নেওয়া যায়। লাল, নীল, সবুজ, গেরুয়া– সুবিধামতো দল পাল্টানো যায়। যদি সিপিএম নেতারা অভিযোগ করেন বিজেপিকে বাংলায় এনেছিলেন মমতাই, তাহলে এই ইতিহাসও অস্বীকার করার উপায় নেই যে, রাজীব গান্ধীকে সরিয়ে ভি. পি. সিং-কে প্রধানমন্ত্রী করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাতে হাত মিলিয়েছিল সিপিএম এবং বিজেপি। জনসভায় জ্যোতিবাবু পাশে বসিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ীকে।
ভোটের ময়দানে সুবিধাবাদী তাই সবাই। রাজনীতিকদের এমন ধান্দাবাজ হওয়ার সুযোগ করে দিয়েছে জনতাই। একটা সময় ছিল, রাজনৈতিক দলগুলি নীতি গ্রহণের আগে মনে করত, মানুষ কী ভাববে! সিদ্ধান্তে নৈতিকতা প্রাধান্য পেত। কিন্তু এখন তারাও বুঝে গিয়েছে, মানুষ নিজের স্বার্থে ভোট দেয়। মূল ফ্যাক্টর– ‘আমি কী পেলাম!’ কমিউনিস্ট অথবা দক্ষিণপন্থী, সুবিধা পেতে কোনও ছুঁতমার্গ মানুষের নেই। দলবদল অথবা নীতিবদল করলে মানুষ কোনও রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করেছে অথবা নেতাকে বাণপ্রস্থে পাঠিয়েছে– এমন উদাহরণ নেই বললেই চলে। বরং উল্টোটা। বিপুলভাবে জয়ী হয়েছেন।
একটা সময় ছিল, রাজনৈতিক দলগুলি নীতি গ্রহণের আগে মনে করত, মানুষ কী ভাববে! সিদ্ধান্তে নৈতিকতা প্রাধান্য পেত। কিন্তু এখন তারাও বুঝে গিয়েছে, মানুষ নিজের স্বার্থে ভোট দেয়। মূল ফ্যাক্টর– ‘আমি কী পেলাম!’
জোট বদলের ইতিহাসে খুব বড় নাম রামবিলাস পাসোয়ান। তিন-চার দশক ধরে পরস্পরবিরোধী সরকার তথা নানা দলের প্রধানমন্ত্রীর সঙ্গে অম্লানবদনে মন্ত্রিত্ব করেছিলেন বিহারের পিছলে বর্গের এই নেতা। দিল্লি থেকে সরকার যায়, কিন্তু রামবিলাসের মন্ত্রিত্ব যায় না। তিনি প্রকাশ্যেই বলতেন, সরকার যাঁর তিনি তাঁর। ভোটারদের বোঝাতেন, কেন্দ্রীয় সরকারের রং দেখলে হবে না। মন্ত্রিত্ব করলে এলাকার উন্নয়ন করা যাবে। মানুষ তাঁকে বিশ্বাস করত। রামবিলাস একটি উদাহরণ মাত্র। আসলে নীতি এবং আদর্শের চেয়ে ভোটে আসন জয়লাভ করাই যখন মোক্ষ, তখন কে কার সঙ্গে জোট করবে, কে কার সঙ্গে আসন রফা করবে, অথবা জোট করবে না– তা পুরোটাই নির্ভর করে সময় ও পরিবেশ পরিস্থিতির উপর। মতাদর্শের কোনও মূল্য নেই। অস্বীকার করতে পারবেন কি রাজ্যের সিপিএম নেতারা, এইবারের ভোটে বিজেপি ক্ষমতায় আসতে পারে জেনেও আপনারা তৃণমূলের পরাজয় চেয়েছিলেন? অনেক কর্মী সমর্থকই বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাতে।
বামপন্থীদের এই সিদ্ধান্তে আদর্শগত বিচ্যুতি থাকতে পারে, কিন্তু বাস্তবতায় ভুল নেই। কমরেডদের কাছে সাম্প্রদায়িকতার চেয়েও বড় বিপদ হয়ে গিয়েছিল ১৫ বছরের তৃণশাসন। তাঁদের মনে হয়েছিল, আগে তো মমতা যাক! বিজেপি এলে কী বিপদ– তা জেনেও তাঁরা সিদ্ধান্ত নিলেন। আমরা যখন কলেজে পড়তাম, তখন বাংলার রাজনীতিতে সিপিএম-কংগ্রেসের শত্রুতা চরমে। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বোফর্স কামান কিনতে ‘কাটমানি’ খেয়েছেন বলে ব্যাপক প্রচার করত সিপিএম। কমরেডরা স্লোগান দিত– ‘গলি গলি মে শোর হ্যায়/ রাজীব গান্ধী চোর হ্যায়’। রাজীব চোর না সাধু– তা পরে গুরুত্বহীন হয়ে যায়। কিন্তু এই প্রচারের অভিঘাতে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। মানুষ সেই দিনগুলি ভুলে গিয়েছে। পরে সিপিএমও কংগ্রেসের হাত ধরে নেয়। বোফর্সের কথা তারা মুখেই আনে না।
রাজীবের শিক্ষানীতি, মডেল স্কুলের বিরোধিতায় বিশাল মিছিল হত তখন কলেজে কলেজে। কংগ্রেস পাল্টা বলত, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির নায়ক জে্যাতি বসু। ছাত্রাবস্থায় একবার বিধানসভার গ্যালারিতে বসে পুলিশ বাজেট দেখেছিলাম। কংগ্রেস নেতারা বাম মুখ্যমন্ত্রীকে ‘লাল সন্ত্রাসের নায়ক’ হিসাবে চিহ্নিত করছেন। মরিচঝাঁপি থেকে বিজন সেতু– সিপিএমকে ফালাফালা করছেন। সেদিন ভাবতে পারিনি, পশ্চিমবঙ্গে এমন দিন আসবে, যখন দেখব, কংগ্রেস নেতাদের গলায় ঝুলছে ‘কাস্তে হাতুড়ি তারা’! সিপিএম মিছিল করে বলছে, ‘ভোট ভোট ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন’। কংগ্রেস আর বলছে না সিপিএমের সন্ত্রাসের কথা। তাদের ‘বুর্জোয়া’, ‘শ্রেণিশত্রু’, ‘প্রতিক্রিয়াশীল শক্তি’, বলছে না সিপিএম। কোথায় গেল ’৭২-এর ১,১০০ পার্টি কমরেডের হত্যার অভিযোগ, কোথায় গেল কংগ্রেসের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের রক্তমাখা ভাত খাওয়ার তত্ত্ব।
১৯৮৪ সালে যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো থেকে ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসানকে যদি একটি বৃত্ত ধরা হয়, তাহলে মমতার দীর্ঘ ২৭ বছর একটি সংগ্রামের ইতিহাস।
তৃণমূলের জন্ম হয়েছিল সিপিএম বিরোধিতাকে মন্ত্র করে। ১৯৮৪ সালে যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো থেকে ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসানকে যদি একটি বৃত্ত ধরা হয়, তাহলে মমতার দীর্ঘ ২৭ বছর একটি সংগ্রামের ইতিহাস। ২১ জুলাইয়ের হত্যাকাণ্ড, হাজরা মোড়ে জখম হওয়া, গড়বেতা-কেশপুর, সিঙ্গুর-নন্দীগ্রাম– মমতার সব লড়াই সিপিএমের বিরুদ্ধে। বলা ভাল, মমতা মমতা হয়েছে সিপিএমকে বাংলা থেকে হারানোর শপথকে সামনে রেখেই। স্বাভাবিকভাবেই মমতাকেও সিপিএম যম মনে করে এসেছে বরাবর।
অতীত যখন এমন তিক্ত, তখন দু’টি দলের রাতারাতি জোট হবে, আর কর্মী-সমর্থকরা দলে দলে ভোট দিয়ে দেবে এমন মনে করার কারণ নেই। মনে রাখতে হবে, ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের পরিণতিটাও। সেবার সিপিএম কর্মীরা কংগ্রেসকে ভোট দিলেও, কংগ্রেসিরা সিপিএমকে ভোট দেয়নি। ফলে বামফ্রন্টের চেয়ে কংগ্রেসের আসন হয়েছিল ডাব্ল। তবু, রাজনীতিতে পাকাপাকি ‘শত্রুতা’ বলে কিছু নেই। ‘নীতি’ ও ‘আদর্শ’-র এক্সপায়ারি ডেট ততক্ষণ, যতক্ষণ স্বার্থ। তাই সব সম্ভব।
