সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন। শুক্রবার সরকারি ভাবে জানালেন ইউপি ফুটবল প্রেসিডেন্ট। তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনার পাশাপাশি দেশের ফুটবলে নতুন করে প্রাণসঞ্চারের প্রতিশ্রুতি দিয়ে এআইএফএফ সভাপতি পদে লড়ার কথা ঘোষণা করলেন তিনি।
মধ্যপ্রদেশে ২০১৬ সাল পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব সামলেছেন মেনন। ২০১৮ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র বিজেপির পর্যবেক্ষকও ছিলেন তিনি। নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি এবং ফেডারেশনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেনন বলেন, “আমি এআইএফএফ সভাপতি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা।”
মধ্যপ্রদেশে ২০১৬ সাল পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব সামলেছেন মেনন। ২০১৮ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র বিজেপির পর্যবেক্ষকও ছিলেন তিনি।
তিনি আরও বলেন, “রাজ্য সংস্থাগুলির অনেকের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ কর্তার সঙ্গেও আলোচনা হয়েছে। তাঁদের আশীর্বাদ নিয়েই নির্বাচনে লড়তে চলেছি।” এআইএফএফ-এর সভাপতি পদে লড়াই যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও এই পদের সম্ভাব্য দাবিদার। যদিও তিনি এখনও নিজের সিদ্ধান্ত জানাননি।
মালয়ালি বংশোদ্ভূত মেননের জন্ম বারাণসীতে। ২০২৪ সালের ডিসেম্বরে দ্বিতীয় বারের জন্য উত্তরপ্রদেশ ফুটবল সংঘের সভাপতি নির্বাচিত হন তিনি। আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশ ইউনিটের দুই প্রতিনিধির একজন হিসাবে এআইএফএফের নির্বাচকমণ্ডলীতেও জায়গা পেয়েছেন। সভাপতি নির্বাচিত হলে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে এক ছাতার তলায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন মেনন। তাঁর কথায়, “আমি নতুন করে শুরু করতে চাই। রাজ্য সংস্থা, বিশেষজ্ঞ, আধিকারিক, প্রাক্তন ফুটবলার, ক্লাব এবং স্টেকহোল্ডারসের সঙ্গে আলোচনা করে রূপরেখা তৈরি করতে চাই।”
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৃণমূল স্তরে জোর দেওয়ার পক্ষপাতী মেনন। তাঁর মতে, শুধু সিনিয়র দলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকলে চলবে না। বরং ছোট বয়স থেকে প্রতিভা চিহ্নিত করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও পরিকাঠামো দেওয়াই হওয়া উচিত প্রধান লক্ষ্য। তিনি বলেন, “এই দেশে প্রতিভার কোনও অভাব নেই। তৃণমূল স্তরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই প্রতিভাকে খুঁজে বের করতে হবে। সিনিয়র দলগুলির উন্নতিও গুরুত্বপূর্ণ। তবে আমাদের অনেক বেশি নজর দিতে হবে জুনিয়র এবং তৃণমূল স্তরে।”
তাঁর কথায়, “আমি নতুন করে শুরু করতে চাই। রাজ্য সংস্থা, বিশেষজ্ঞ, আধিকারিক, প্রাক্তন ফুটবলার, ক্লাব এবং স্টেকহোল্ডারসের সঙ্গে আলোচনা করে রূপরেখা তৈরি করতে চাই।”
ফিফা ক্রমতালিকায় ভারতীয় দলের ক্রমাগত অবনতিও ভাবাচ্ছে মেননকে। কয়েক বছর আগেও ৯৯ নম্বরে থাকা ভারতীয় পুরুষ ফুটবল দল বর্তমানে নেমে গিয়েছে ১৪১ নম্বরে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে পারফরম্যান্সে উন্নতি ঘটানোর পাশাপাশি দেশের সর্বত্র ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে হবে বলে মনে করেন তিনি। মেননের মন্তব্য, “আমাদের পারফরম্যান্সের উন্নতি করতেই হবে। কেরল, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, গোয়ার মতো জায়গায় ফুটবল অত্যন্ত জনপ্রিয়। এবার দেশের অন্যান্য প্রান্তেও এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে হবে।” এখন দেখার, ২০ ডিসেম্বরের নির্বাচনে মেননের ‘নতুন শুরু’র প্রতিশ্রুতি রাজ্য সংস্থাগুলির কতটা সমর্থন আদায় করতে পারে। ভারতীয় ফুটবলের প্রশাসনিক মসনদে শেষ পর্যন্ত কে বসেন, সেদিকেই নজর থাকবে ফুটবলমহলের।
