একটা সময় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘বালিকা বধূ’। আর এই মেগার হাত ধরেই দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন স্মিতা বনশাল। আজও তিনি ‘বালিকা বধূ’ আনন্দীর শাশুড়ি হিসেবেই দর্শকের মনে রয়ে গিয়েছেন, তা বললে অত্যুক্তি হবে না। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল স্মিতা বনশালের পোস্ট। লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন সাদা গাউনে বিয়ের সাজে পঞ্চাশ ছুঁই ছুঁই অভিনেত্রী। বয়স যেন সংখ্যামাত্র, ৪৮ বছরেও বধূবেশে স্মিতার গ্ল্যামারাস লুক অনায়াসে টেক্কা দেবে জেন জির নববধূদের!
তবে ৪৮ বছরে স্মিতার বিয়ের নেপথ্যে রয়েছে ভালোবাসার এক অন্য গল্প। স্বামী অঙ্কুশ মোহলার সঙ্গেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পঁচিশ বছর আগে যাঁর হাত ধরে নতুন পথচলা শুরু করেছিলেন তাঁর চোখেই আরও একবার নিজেকে হারালেন। তাঁদের এই রোম্যান্স যে কোনও বলিউড সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে! ২৫তম বিবাহবার্ষিকীতে খ্রিস্টান রীতি মেনে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। জীবনের এই বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
বন্ধুবান্ধব, কাছের মানুষজন, পরিবারের সদস্য, ইন্ডাস্ট্রির সতীর্থদের নিয়ে পারিবারিক উল্লাসে মেতেছিলেন ‘নবদম্পতি’ স্মিতা বনশাল ও অঙ্কুশ মোহলা। দম্পতির প্রাণবন্ত মেজাজে মুগ্ধ অনুরাগীরা। সাদা রঙের গাউনে অপরূপা স্মিতা, টাক্সিডোতে সুদর্শন অঙ্কুশে সকলের নজর আটকেছিল তা বলাই বাহুল্য। স্বামী-স্ত্রীর সাজে এদিন তাঁরা যেন ফিরে গিয়েছিলেন যৌবনের সেই নস্ট্যালজিয়ায়। এভাবেই ২৫ বছরের দাম্পত্য জীবনকে এক বিশেষ মুহূর্তে পরিণত করেছিলেন সেলেব দম্পতি।
View this post on Instagram
বিয়ের অনুষ্ঠানের পর পার্টি মুডের নানা মুহূর্তও সমাজমাধ্যমে শেয়ার করেছেন স্মিতা। সেখানে অবশ্য দুজনেই ক্যাজুয়াল। অঙ্কুশের সঙ্গে জমিয়ে নাচেন। শুধু স্বামীর সঙ্গেই নয়, পরিবারের সদস্যদেরও সদস্যদের সঙ্গেও কোমর দোলান স্মিতা। সব মিলিয়ে সকলকে আনন্দে মাতিয়ে তোলেন অভিনেত্রী।স্মিতা বনশলের এই পোস্টে মন্তব্য করেছেন তাঁর পর্দার স্বামী অনুপ সোনিও। সহ-অভিনেত্রীর উদ্দেশে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেতা। স্মিতার এই আনন্দঘন মুহূর্তের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
View this post on Instagram
